বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাঠক কর্নার

অতঃপর বিজয়

আমি গর্ভবতী ছিলাম নয়টি মাস-প্রসব করেছিলাম স্বাধীনতার বিজয়,উশৃঙখল হায়েনার বিষাক্ত হূল আমাকে করাতে চেয়েছিল গর্ভপাত।অসহ্য যন্ত্রণার প্রতিটি প্রহর ছিল...

bangladesh_flag_by_omerj_graphics_ddq5k0n-pre

আমি গর্ভবতী ছিলাম নয়টি মাস-
প্রসব করেছিলাম স্বাধীনতার বিজয়,
উশৃঙখল হায়েনার বিষাক্ত হূল আমাকে করাতে চেয়েছিল গর্ভপাত।
অসহ্য যন্ত্রণার প্রতিটি প্রহর ছিল ভয়ার্ত,বিভৎস,
দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত ছিল আমার মা, বোনের শরীর,
বুলেটে ঝাঁঝরা করা আমার বাবা ,ভাইয়ের অসাড় দেহ
আর রক্তাক্ত পতাকা নিয়ে উদরপূর্তি করছিল দানবেরা।

বধ্যভূমি থেকে ভেসে আসছিল লাশ পঁচা গন্ধ,
আমার পোড়া ধানক্ষেত, গোয়াল ভরা গরুর দগ্ধদৃশ্য
এসব দেখেও কোন কিছুতে ছিলাম না ভীত।
আমি ছিলাম অপেক্ষমান,
আমি জানতাম আমার জঠর থেকে আসবে একটি তেজোঃদীপ্ত সূর্য।

সময়ের ব্যবধানে আমার অপেক্ষার অবসান হলো,
অবশেষে হাজার ডিগ্রী কষ্টের তাপমাত্রায় প্রসব করেছিলাম অগ্নি স্ফূলিঙ্গ নির্ভীক বিজয়।