এয়ার ফ্রায়ার পরিষ্কার রাখার সহজ কৌশল

কম তেলে ভাজাপোড়া খাবার তৈরির সুবিধার কারণে রান্নাঘরে এয়ার ফ্রায়ারের ব্যবহার দিন দিন বাড়ছে। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, সবজি থেকে শুরু করে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায় এই যন্ত্রে। রান্নায় তেলের ব্যবহার কম হওয়ায় অনেকেই এটিকে তুলনামূলক সুবিধাজনক মনে করেন। তবে নিয়মিত ব্যবহারের পর এয়ার ফ্রায়ার পরিষ্কার করাটা অনেকের কাছেই ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়।
বাস্কেট বা ট্রেতে খাবারের কণা ও তেল জমে থাকলে শুধু দুর্গন্ধই নয়, পরবর্তী রান্নার স্বাদেও প্রভাব পড়তে পারে। আবার অতিরিক্ত ঘষাঘষি কিংবা ভুল পদ্ধতিতে পরিষ্কার করতে গেলে যন্ত্রের আবরণও নষ্ট হতে পারে। তাই এয়ার ফ্রায়ার পরিষ্কারের সময় কিছু সহজ কৌশল মেনে চলা জরুরি।
গরম পানিতে ভিজিয়ে রাখুন
এয়ার ফ্রায়ারের বাস্কেট ও ট্রেতেই সাধারণত খাবারের তেল ও ময়লা সবচেয়ে বেশি জমে। রান্নার পর এগুলো আলাদা করে গরম পানিতে কিছুটা তরল সাবান মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা তেল ও খাবারের অংশ নরম হয়ে যাবে। এরপর নরম স্পঞ্জ দিয়ে আলতোভাবে পরিষ্কার করলেই বেশির ভাগ ময়লা উঠে যাবে। বাস্কেটের ছোট ছোট ফাঁক পরিষ্কার করতে নরম পুরোনো টুথব্রাশও ব্যবহার করা যেতে পারে।
ভেতরের অংশ পরিষ্কারে সতর্ক থাকুন
এয়ার ফ্রায়ারের ভেতরের দেয়াল এবং হিটিং কয়েলের আশপাশেও ধীরে ধীরে তেলের আস্তরণ জমতে পারে। এসব জায়গা পরিষ্কার করার সময় সরাসরি পানি ঢালা উচিত নয়। যন্ত্রটি সম্পূর্ণ ঠান্ডা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ভেতরের অংশ নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে মুছে নিন। হিটিং কয়েলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সেখানে ভেজা কাপড় বা অতিরিক্ত পানি ব্যবহার না করে শুকনো নরম ব্রাশ দিয়ে জমে থাকা খাবারের কণা ও ময়লা সরিয়ে ফেলতে পারেন। পরিষ্কার করার আগে যন্ত্রটি ঠান্ডা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করে নিন।
ব্যবহারের পরপরই পরিষ্কার করুন
এয়ার ফ্রায়ার দীর্ঘদিন পরিষ্কার রাখার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিবার ব্যবহারের পরই বাস্কেট ও ট্রে পরিষ্কার করা। রান্নার পর ময়লা শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার আগেই পরিষ্কার করলে ঘষাঘষির প্রয়োজন কমে যায়। ফলে যন্ত্রের আবরণও ভালো থাকে।
রান্নার সময় বাস্কেটে উপযোগী পার্চমেন্ট পেপার ব্যবহার করলে খাবারের কণা সরাসরি বাস্কেটে আটকে যাওয়ার পরিমাণ কিছুটা কমতে পারে। তবে এমন কিছু ব্যবহার করা যাবে না, যা বাতাস চলাচলের পথ বন্ধ করে দেয় বা প্রস্তুতকারকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তেল ব্যবহারের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর রাখা ভালো। স্প্রে করার পরিবর্তে ব্রাশ দিয়ে অল্প তেল মাখিয়ে নিলে অনেক সময় অতিরিক্ত তেল ছড়িয়ে পড়া কমানো যায়। সব মিলিয়ে নিয়মিত ও সতর্ক পরিষ্কার-পরিচর্যাই এয়ার ফ্রায়ারকে দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায়।



