বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

মৃতপ্রায় জীবনের উৎসবে

image-3572-1634033749

মরে গেছে সচেতন মন
চলে গেছে বোধনের দিন
বেড়ে গেছে সময়ের ঋণ,
কাঁটাতারে বিঁধে গেছে পণ
দু'চোখে শূন্যতা সীমাহীন
অসময়ে বাজে বিষ-বীণ। 

অন্ধকার নিশিতের মাঝ
মৃতপ্রায় জীবনের ঘর
পরিচিত সবই আজ পর,
বেদনার অমলিন সাজ
কেড়ে নিল সুখের বাসর
বেঁচে আছি তবু মর মর।

হিসেবের খাতা খুলে দেখি
প্রাপ্যতার ঘরখানি ফাঁকা
মনপাখি অন্ধকারে ঢাকা,
এ জীবন সবটুকু মেকি
হৃদপটে নীল ছবি আঁকা
তবু মিছে মিলেমিশে থাকা।

উৎসব চলছেই তবু 
রঙহীন রসহীন ঘরে
স্বপ্নেরাই গেছে আজ মরে,
বিবেকের নেই কোনো প্রভু
জৌলুসও নেই আগে-পরে
কথা বলি অতি নিচু স্বরে।

Advertisements

 

 

 

Advertisements