দুর্ঘটনার ধকল কাটিয়ে ‘চক্র’ দিয়ে অভিনয়ে ফিরছেন মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অভিনয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অভিনেত্রী মেঘলা মুক্তার। নিজের ক্যারিয়ার নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে আবারও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় ফিরছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই অভিনয়ে ফেরার খবর জানিয়েছেন মেঘলা। সেখানে দুর্ঘটনার পর কঠিন সময় পার করা এবং কাজে ফেরার অনুভূতির কথাও তুলে ধরেছেন তিনি।
মেঘলা জানান, এত দ্রুত কাজে ফিরতে পারবেন, তা কখনো ভাবেননি। দুর্ঘটনার পর হাসপাতালে তাকে দেখতে আসা অনেকেই তার অবস্থা দেখে ভয় পেয়েছিলেন। কেউ সাহস জুগিয়েছেন, আবার কেউ ভেবেছিলেন, হয়তো তার অভিনয় ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। পরিবারের সদস্যদের মধ্যেও তার আগের মতো সুস্থ হয়ে ফেরার বিষয়ে শঙ্কা ছিল।
অভিনেত্রীর ভাষায়, দুর্ঘটনার পর একটা সময় নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় ছিলেন তিনি। তবে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজেকে আবার অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত করেন।
কাজে ফেরার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেঘলা। তিনি জানান, এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে এত দ্রুত কাজে ফিরতে পারা তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।
ওয়েব সিরিজ ‘চক্র’র পরিচালক ভিকি জাহেদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পর একপর্যায়ে নিজেই পরিচালককে তাকে বাদ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভিকি জাহেদ তাকে বাদ দিতে রাজি হননি। পরিচালকের এই বিশ্বাস ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেঘলা।
২০২৬ সালকে জীবনের অন্যতম বড় শিক্ষার বছর হিসেবে উল্লেখ করেছেন তিনি। এই বছর অনেক কিছু হারানোর পাশাপাশি নিজেকে নতুন করে চিনেছেন বলেও জানান। কঠিন সময় পেরিয়ে আরও শক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী।



