কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

১৪০ পর্বে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে দেখা যায়নি অভিনেত্রী পারসা ইভানাকে। তবে পর্দায় অনুপস্থিত থাকলেও ‘ইভা’ চরিত্রের জন্য এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি। দর্শকের এই ভালোবাসা এবং ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি আবেগাপ্লুত করেছে অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পারসা ইভানা। তিনি লেখেন, ‘একটা ঘোরের মধ্যে আছি, বুকটা ভারি হয়ে আছে। ২০২১ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। গত দেড় বছর আমি পর্দায় ছিলাম না, কিন্তু আমার মনটা যেন আটকে ছিল সেই ছাদে, সেই বাসার দরজার সামনে, সেই ২০২১ থেকে ২০২৩-এর সময়টায়।’
অভিনেত্রী আরও লেখেন, ‘পৃথিবীতে হয়তো আরও অনেক কাজ করব, আরও অনেক গল্পের অংশ হব। কিন্তু ওই সময়টায় আর কখনো ফিরে যেতে পারব না। আর কখনো কাবিলার মুখে ‘আঁর ইভা’ হয়তো শুনতে পারব কি না কে জানে।’
দর্শকের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে ইভানা লেখেন, ‘আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ। আপনারা আবার প্রমাণ করে দিলেন কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিতি সবসময় জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ হৃদয়ে থেকে যায়, ঠিক আগের মতোই।’
২০১৭ সালে যাত্রা শুরু করে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘ সময় ধরে দর্শকের জনপ্রিয়তা ধরে রাখা এই ধারাবাহিকের চরিত্র, সংলাপ, হাস্যরস ও আবেগঘন মুহূর্ত দর্শকের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।
ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।



