২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

৬৫ হাজার রুপির শাড়িতে তামান্নার রাজকীয় সাজ

download

মুম্বাইয়ে সদ্‌গুরুর একটি অনুষ্ঠানে ব্যতিক্রমী সাজে হাজির হয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। হাতে আঁকা ফুল ও মুক্তার কারুকাজ করা গোলাপি রঙের শাড়িতে নজর কেড়েছেন তিনি। ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড পিচিকার তৈরি শাড়িটির দাম ৬৫ হাজার ৫০০ রুপি।

গত ২২ নভেম্বর সদ্‌গুরুর ছবিনির্ভর বই ‘ডিসঅ্যাপিয়ারিং ফেসেস’-এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন তামান্না। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।

তামান্নার পরনে ছিল পিচিকার তৈরি ‘পিংক লিলিজ অ্যান্ড হোয়াইট পারিজাত ডাল রোজ শাড়ি উইথ পার্ল ডিটেইলিং অ্যান্ড সাইড ড্রেপ’। ইতালীয় খাঁটি সিল্ক অর্গানজা কাপড়ের ওপর তৈরি শাড়িটিতে হাতে আঁকা হয়েছে গোলাপি লিলি ও সাদা পারিজাত ফুলের নকশা। ফুলের নকশায় হাতে সেলাই করা মুক্তা এবং ফুলের ডাঁটায় রয়েছে সোনালি গোটা কাজ।

শাড়িটির সঙ্গে একই নকশার কোটা সিল্কের সাইড দুপাট্টা ও সিল্কের ব্লাউজের কাপড়ও রয়েছে। ব্র্যান্ডটির ওয়েবসাইটে শাড়িটি বর্তমানে বিক্রি শেষ বলে উল্লেখ করা হয়েছে।

নিজের ব্র্যান্ড তামান্না ফাইন জুয়েলারির গয়না দিয়ে সাজ সম্পূর্ণ করেন অভিনেত্রী। পরিপাটি চুল ও হালকা মেকআপে তার উপস্থিতি ছিল বেশ স্বাভাবিক ও মার্জিত।

অনুষ্ঠানে শুধু ফ্যাশন নয়, বয়স ও সৌন্দর্য নিয়েও কথা বলেন তামান্না। ‘ডিসঅ্যাপিয়ারিং ফেসেস’ বইটিতে হিমালয়ের দুর্গম অঞ্চলে কয়েক দশক ধরে সদ্‌গুরুর ভ্রমণের সময় তোলা ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রা ফুটে উঠেছে।

Advertisements

ছবিগুলো নিয়ে আলোচনার সময় বয়স বাড়ার সঙ্গে মানুষের চেহারায় পরিবর্তন আসা এবং তা সমাজের মেনে নেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন তামান্না। তার মতে, বয়সের পরিবর্তনকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ শহরের মানুষের তুলনায় বেশি স্বাভাবিকভাবে গ্রহণ করেন।

জবাবে সদ্‌গুরু বলেন, আধুনিক সমাজে তারুণ্য ও বাহ্যিক সৌন্দর্যের প্রতি মানুষের মনোযোগ ক্রমেই বাড়ছে।

অনুষ্ঠানের আরেক পর্যায়ে সৌন্দর্য বংশগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে, নাকি জীবনযাপনের ধরনও এতে প্রভাব ফেলে—তা জানতে চান তামান্না। উত্তরে সদ্‌গুরু বলেন, ‘আনন্দে থাকা মুখ সব সময়ই সুন্দর মুখ, তাই নয় কি?’

Advertisements