২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

চলচ্চিত্রে অভিনয়ের জন্য থিয়েটার পদক পেলেন পূর্ণিমা

purnima-2-20261129132407

চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঞ্চনাটকে অভিনয় না করলেও চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণিমাসহ সাতজন অভিনয়শিল্পীর হাতে এ পদক তুলে দেওয়া হয়। থিয়েটার (তোপখানা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

পদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা। তিনি বলেন, প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এ সম্মাননার জন্য নির্বাচিত হওয়া তার কাছে আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এ পদক বিশেষ স্থান অধিকার করে থাকবে বলেও জানান তিনি।

একই মঞ্চে গুণী ও সম্মানিত শিল্পীদের সঙ্গে পদক গ্রহণ করতে পেরে আনন্দিত উল্লেখ করে পূর্ণিমা বলেন, একজন শিল্পীর কাজ, শ্রম, নিষ্ঠা ও দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মঞ্চের সঙ্গে নিজের পুরোনো যোগসূত্রের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, আট-নয় বছর বয়সে তার বড় বোন ঢাকা নান্দনিকে মঞ্চনাটক করতেন। তার দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে ছোটবেলায় মঞ্চে যাতায়াত এবং নাটকের নানা বিষয় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। তাই মঞ্চ তার কাছে একেবারে অচেনা নয়।

তবে দীর্ঘ অভিনয়জীবনে পূর্ণিমা কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি। এদিকে পদক পাওয়া অন্য ছয় শিল্পী হলেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান। তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত।

Advertisements
Advertisements