২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ

b1f50d84b1af54a7f019c2ab64e095b7

বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে সংস্থা দুটি।

গত ২৪ নভেম্বর ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে এ আলোচনার আয়োজন করে ইউএনএফপিএ।

সভায় ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার তথ্য তুলে ধরে বলা হয়, বিদ্যমান আইন ও বিধিমালার কিছু সীমাবদ্ধতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিতের পথে বাধা সৃষ্টি করছে। বাল্যবিবাহের শিকার শিশুদের বিয়ে সরাসরি বাতিলের সুযোগও আইনে নেই। এ ক্ষেত্রে ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক সময় আইনি প্রতিকার সীমিত।

আইনের দুর্বলতার পাশাপাশি জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার সীমাবদ্ধতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং মামলা দায়েরের স্বল্প হারও পর্যালোচনায় উঠে এসেছে।

যৌথ সুপারিশে ছয়টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল, নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ, সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাল্যবিবাহ বাতিলের সুযোগ রাখা, বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি, অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং মামলা পরিচালনায় আদালত ও বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করা।

সভায় বাংলাদেশে বাল্যবিবাহের হার কমার পরিসংখ্যানও তুলে ধরা হয়। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।

Advertisements

তবে উদ্বেগজনকভাবে বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীর হার ২০১৯ সালের ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন থাকলেও মেয়েরা সে আইন সম্পর্কে জানলে এবং বিচারব্যবস্থা সহজলভ্য ও জবাবদিহিমূলক হলেই কেবল আইন তাদের সুরক্ষা দিতে পারবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি মেয়েদের শিক্ষা সম্পন্ন করা এবং নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বাড়বে।

আইন সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে ইউএনএফপিএ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা অব্যাহত রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহকে উৎসাহিত করে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনেও কাজ করছে সংস্থাটি।

মতবিনিময় সভায় অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা বাল্যবিবাহ নিয়ে তথ্য-প্রমাণভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা জোরদার এবং এ হার কমাতে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Advertisements