স্বাদে ও পুষ্টিতে ভিন্নতা আনতে ঘরেই তৈরি করুন বিটরুট-কিনোয়া কাবাব

কাবাব খেতে পছন্দ করেন, কিন্তু পরিচিত স্বাদের বাইরে নতুন কিছু চেখে দেখতে চান? তাহলে ঘরেই তৈরি করতে পারেন বিটরুট-কিনোয়া কাবাব। বিটরুট ও কিনোয়ার মিশ্রণে তৈরি এই কাবাব স্বাদে যেমন ভিন্ন, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই খাবার বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নের আয়োজনেও রাখতে পারেন। এর সঙ্গে ডিল পাতা ও রসুন মেশানো দইয়ের ডিপ যোগ করবে বাড়তি স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ
- গ্রেট করা বিটরুট ২০০ গ্রাম
- মিহি কুচি করা আদা ১০ গ্রাম
- কাঁচা মরিচ কুচি ১টি
- হিং ১ চিমটি
- হলুদগুঁড়া ১/৪ চা-চামচ
- মরিচগুঁড়া ১/২ চা-চামচ
- গরমমসলার গুঁড়া ১ চিমটি
- সেদ্ধ আলু ৬০ গ্রাম
- ভাজা সাদা কিনোয়া ৩০ গ্রাম
- লবণ স্বাদমতো
- ভাজার জন্য তেল
ডিল ও রসুনের দই ডিপ তৈরিতে
- পানি ঝরানো দই ৫০ গ্রাম
- তাজা রসুনের রস ১/৪ থেকে ১/২ চা-চামচ
- কুচানো ধনেপাতা
- লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে আদা, কাঁচা মরিচ ও হিং দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। মসলা থেকে সুগন্ধ বের হলে গ্রেট করা বিটরুট যোগ করুন। এরপর হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। বিটরুট নরম হয়ে অতিরিক্ত পানি শুকিয়ে মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
এবার বিটরুটের মিশ্রণের সঙ্গে সেদ্ধ আলু ও গরমমসলার গুঁড়া মিশিয়ে ভালোভাবে চটকে নিন। সব উপকরণ মিশে গেলে এমন একটি মণ্ড তৈরি হবে, যা দিয়ে সহজেই কাবাবের আকার দেওয়া যাবে। মিশ্রণটি ঠান্ডা করে সমান কয়েকটি ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগ গোল বা চ্যাপ্টা কাবাবের আকারে তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।
কাবাব কিছুটা শক্ত হয়ে এলে প্রতিটির গায়ে ভাজা সাদা কিনোয়া ভালোভাবে মাখিয়ে নিন। এরপর প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো ভাজুন। দুই পাশ সোনালি ও মুচমুচে হয়ে এলে এবং ভেতরটা ভালোভাবে গরম হলে নামিয়ে নিন।
দইয়ের ডিপ যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে পানি ঝরানো দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিন। এবার এতে রসুনের রস, কুচানো ধনেপাতা ও স্বাদমতো লবণ মিশিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিপ। পরিবেশনের জন্য এটি ছোট একটি বাটিতে ঢেলে রাখুন।
কিছু বিষয় মনে রাখবেন
কাবাবের সঠিক আকার ও মুচমুচে ভাব পেতে বিটরুটের বাড়তি পানি ভালোভাবে শুকিয়ে নেওয়া প্রয়োজন। মিশ্রণটি ঠান্ডা করে কাবাব তৈরি করার পর ফ্রিজে কিছুক্ষণ রাখলে ভাজার সময় ভেঙে যাওয়ার আশঙ্কা কমে। একই সঙ্গে ভাজা কিনোয়ার আবরণ কাবাবের বাইরের অংশকে করে তুলবে আরও মুচমুচে।
গরম গরম বিটরুট-কিনোয়া কাবাবের সঙ্গে রসুন ও ধনেপাতার দই ডিপ পরিবেশন করুন।



