২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

১২১ কেজি স্বর্ণ দান করে দিলেন দম্পতি

India-Temple-Gold-6b082d2f9ef1a

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে ১২১ কেজি ওজনের স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি, যার বাজারমূল্য ২০৬ কোটি রুপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের কাছে এই বিপুল পরিমাণ স্বর্ণ হস্তান্তর করা হয়।

বর্ধমান জৈন ও রাধিকা জৈন দম্পতি আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে এই মূল্যবান অলংকারগুলো তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে হীরাখচিত স্বর্ণালংকারও রয়েছে, যা এটিকে মন্দিরের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দানে পরিণত করেছে।

অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অনুদানকে ভক্তির এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করা একটি ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাসের জায়গা থেকেই এই জৈন দম্পতি এগিয়ে এসেছেন। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

নাইডু জানান, ওই দম্পতি তাকে বলেছেন যে ঐশ্বরিক অনুপ্রেরণা থেকেই তারা এই দান করেছেন। তিরুমালা বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণদেবরায়ের আমল থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত ভক্তদের এই নিবেদন অব্যাহত রয়েছে। পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা রাজাসহ প্রাচীন শাসকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্ত ও শাসকেরা মূল্যবান অলংকার ও অর্ঘ্য দিয়ে এই মন্দিরকে সমৃদ্ধ করেছেন।

নিজের জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে চন্দ্রবাবু নাইডু আলিপিরি বোমা হামলা থেকে বেঁচে ফেরার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বর আমাকে নতুন জীবন দিয়েছেন। তার আশীর্বাদেই আমি সেদিন বেঁচে গিয়েছিলাম।’

মন্দিরের পবিত্রতা রক্ষা এবং গো-সুরক্ষা, বৈদিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার জন্য টিটিডির প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগকে এগিয়ে নেওয়া, মন্দিরের অবকাঠামো সম্প্রসারণ এবং টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৫ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

Advertisements

নাইডু আরও জানান, তার সরকার অন্নদানম (খাদ্য দান), স্বাস্থ্যসেবা এবং শিক্ষামূলক উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে। ‘মানব সেবাই মাধব সেবা’—এই আদর্শ ভক্তদের পথপ্রদর্শক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জৈন দম্পতির দৃষ্টান্ত অনুসরণ করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্পদ সমাজকল্যাণ, আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত।

Advertisements