বাংলাদেশে আসছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড (ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র)। বিশ্বের সব দেশ ঘুরে দেখার লক্ষ্যের অংশ হিসেবে আগামী বছর বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা করছেন আলোচিত এই স্ট্রিমার।
সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, ‘আগামী বছর আমি ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চাই।’
বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণ করাই তার লক্ষ্য জানিয়ে এই স্ট্রিমার বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছি। বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য রয়েছে আমার। আশা করছি, আগামী দুই বছরের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে পারব।’
বাংলাদেশি ভক্তরা বেশ কিছুদিন ধরেই আইশোস্পিডকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে এ দেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন এই ইউটিউবার।



