‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’, অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় এক পিএইচডি শিক্ষার্থী। কামাক্ষী নামের ওই শিক্ষার্থী জানিয়েছেন, কেনাকাটা করতে গিয়ে এক অপরিচিত শ্বেতাঙ্গ নারীর কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হয় তাকে। ঘটনাটি তাকে এতটাই আঘাত করেছিল যে, দিনের বাকি সময় নিজেকে অন্যদের চোখের আড়ালে রাখার চেষ্টা করেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কামাক্ষী। তার মতে, এটি কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয়; বরং অক্সফোর্ডে বর্ণের মানুষদের প্রতিনিয়ত ছোট ছোট অপমান ও বর্ণবাদের মুখোমুখি হওয়ার বৃহত্তর চিত্রের অংশ। এ ধরনের আচরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি।

কামাক্ষী জানান, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তখন অনেকেই তার পাশে দাঁড়িয়েছিলেন এবং ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। মানুষের সেই সমর্থন পাওয়ার পর নিজের অভিজ্ঞতা আরও বিস্তারিতভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি। এ প্রসঙ্গে তার বক্তব্য, অক্সফোর্ডে মানুষ যেসব অপ্রীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেগুলো নিয়ে কথা না বললে সমর্থকদের প্রতিও অন্যায় করা হবে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কামাক্ষী বলেন, একদিন একটি দোকানে কেনাকাটা করার সময় এক শ্বেতাঙ্গ নারী তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করেন। একপর্যায়ে ওই নারী তার কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’
হঠাৎ এমন মন্তব্য শুনে হতবাক হয়ে যান কামাক্ষী। তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেননি তিনি। কী ঘটেছে, তা বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে চলে যান।
ঘটনাটি তার কাছে আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে ব্যক্তিগত একটি কারণে। কামাক্ষী যে পারফিউম ব্যবহার করেন, সেটি তার বাবারও খুব পছন্দের। ফলে ওই সুগন্ধির সঙ্গে তার পারিবারিক আবেগ ও ভালোবাসার স্মৃতি জড়িয়ে রয়েছে। অথচ অপরিচিত নারীর মন্তব্যের পর সেই পরিচিত সুগন্ধিও সেদিন তার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
তিনি জানান, ঘটনার পর সারাদিন নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন। এমনকি অন্যদের নজরে কম পড়ার জন্য নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তার ভাষায়, পুরো দিন তিনি নিজেকে যতটা সম্ভব ছোট করে রাখার চেষ্টা করেছেন, যেন কারও চোখে না পড়েন।
কামাক্ষী মনে করেন, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রতিদিনের চলাফেরায় বর্ণের মানুষের নানা ধরনের অবমাননাকর আচরণের মুখোমুখি হতে হয়। এর পাশাপাশি রয়েছে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের দীর্ঘ ইতিহাস। তার মতে, এমন কোনো নামী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন, যার ইতিহাসে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা অন্য কোনো বিতর্কিত অধ্যায় নেই।
এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন এই শিক্ষার্থী। ভারতের একটি বিক্ষোভের সময় বন্ধুর বলা একটি কথার কথা স্মরণ করেন তিনি। বন্ধুটি বলেছিলেন, প্রতিদিন লড়াই করতে হয়, অনেক সময় পরাজয়ও আসে; তবু প্রতিদিন একটু একটু করে পৃথিবীতে নিজেদের জায়গা তৈরি করতে হয়।
এই ভাবনা থেকেই নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে চান কামাক্ষী। তিনি বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি। এখনো ঝুমকা পরি। এখনো টিপ পরি। এখনো একই পারফিউম ব্যবহার করি।’
কামাক্ষীর এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাজ্যে ভারতীয়সহ অন্যান্য বর্ণের শিক্ষার্থীদের বর্ণবাদী আচরণের মুখোমুখি হওয়া এবং বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের বৈষম্য মোকাবিলার বিষয়টি আলোচনায় এসেছে।



