২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

দেশের বাজারে সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, লিটার কত?

Oplus_16908288

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন করে লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর ফলে বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম হয়েছে ১৮৮ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল লিটারপ্রতি ২০৫ টাকা। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম উঠেছিল ১৮৫ টাকায়। প্রায় সাড়ে চার বছর পর এবার সেই রেকর্ড অতিক্রম করল ভোজ্যতেলের দাম।

চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর ২৯ এপ্রিল দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। ২ সেপ্টেম্বর আরও ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ ৩ টাকা বৃদ্ধির ফলে চলতি বছরে তিন দফায় প্রতি লিটারে মোট ১২ টাকা দাম বেড়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের আগের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাই বহাল রয়েছে।

দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়েছে সরকার। ব্যবসায়ীদের ভাষ্য, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য বৃদ্ধি, ডলারের উচ্চ দাম এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজন বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, আগেরবারের মতো এবার দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের যুক্তি ততটা জোরালো নয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। বিশ্বের অন্যতম প্রধান সূর্যমুখী ও ভোজ্যতেল রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেনের রপ্তানি বাধাগ্রস্ত হয়। একই সময়ে পাম অয়েলের শীর্ষ রপ্তানিকারক ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে রপ্তানি বন্ধ রাখে। এসব কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের সংকট ও দাম বৃদ্ধি পায়।

Advertisements

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।

বৃহস্পতিবারের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নতুন দাম নির্ধারণ করা হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট ও অবৈধ মজুত বন্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বোতলজাত তেল বোতলের গায়ে লেখা দামে পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।

Advertisements