২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

আজ অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার দিন

1776859334373

মানুষের জীবনে জমে থাকে অসংখ্য গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা। কারও জীবনে সাফল্যের আনন্দ, কারও জীবনে ব্যর্থতার বেদনা, আবার কারও অভিজ্ঞতায় লুকিয়ে থাকে জীবনের মূল্যবান শিক্ষা। কিন্তু প্রতিদিনের ব্যস্ততা আর নানা ব্যস্ততায় আমরা অনেক সময় কাছের মানুষটির কথাও মন দিয়ে শুনতে পারি না। অথচ কাউকে একটু সময় দিয়ে তার কথা শোনার মধ্য দিয়েই তৈরি হতে পারে গভীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া। এই গুরুত্বকে সামনে রেখেই প্রতি বছর পালিত হয় ‘ডে অব লিসেনিং’ বা শ্রবণ দিবস।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার এ দিবসটি পালন করা হয়। সে অনুযায়ী, ২০২৬ সালে ২৭ নভেম্বর পালিত হচ্ছে দিনটি। দিবসটির মূল ভাবনা হলো পরিবারের সদস্য, বন্ধু কিংবা অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্মৃতি ও অভিজ্ঞতাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়াও এর অন্যতম উদ্দেশ্য।

যেভাবে শুরু হয়েছিল শ্রবণ দিবস

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ‘স্টোরিকর্পস’ শ্রবণ দিবসের প্রচলন করে। এর আগে ২০০৩ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, পারিবারিক স্মৃতি ও জীবনের গল্প সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের জীবনকাহিনি তুলে ধরতে কাজ করছে স্টোরিকর্পস। প্রতিষ্ঠানটির উদ্যোগে ছয় লাখেরও বেশি মানুষ নিজেদের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন। এসব কথোপকথনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিভিন্ন প্রজন্মের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা ঘটনা।

এ উদ্যোগের পেছনে ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে পরিচালিত ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এর মতো কার্যক্রমেরও অনুপ্রেরণা রয়েছে। ওই প্রকল্পেও সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল।

Advertisements

কেন অন্যের কথা মন দিয়ে শোনা প্রয়োজন

মন দিয়ে শোনা কেবল কথোপকথনের অংশ নয়, বরং অন্যের অনুভূতি ও চিন্তাভাবনা উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ উপায়। কারও কথা মনোযোগ দিয়ে শুনলে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা যায়। এতে মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হয়, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয়।

কেউ যখন বুঝতে পারেন যে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তার মধ্যে গ্রহণযোগ্যতা ও মানসিক স্বস্তির অনুভূতি তৈরি হতে পারে। পাশাপাশি একাকিত্ব কমানো, সহমর্মিতা বাড়ানো এবং অন্যের অভিজ্ঞতা থেকে নতুন কিছু শেখার সুযোগও তৈরি হয়।

যেভাবে পালন করতে পারেন দিনটি

শ্রবণ দিবস পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের নিয়ে ছোট পরিসরে গল্পের আসর বসানো যেতে পারে। সেখানে প্রত্যেকে জীবনের বিশেষ কোনো স্মৃতি, আনন্দের মুহূর্ত কিংবা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা বলতে পারেন।

পরিবারের কোনো সদস্য বা বন্ধুর সঙ্গে প্রশ্নোত্তরের আয়োজনও করতে পারেন। তার শৈশব, কর্মজীবনের শুরু, জীবনের স্মরণীয় ঘটনা কিংবা কঠিন সময়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইতে পারেন। সম্মতি নিয়ে এসব কথোপকথন মোবাইল ফোনে ধারণ করে রাখাও সম্ভব।

বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটানো হতে পারে দারুণ একটি উদ্যোগ। তাদের কাছে পুরোনো দিনের গল্প, শৈশবের স্মৃতি, উৎসবের আয়োজন কিংবা পারিবারিক ইতিহাস জানতে পারেন। এসব গল্প পরবর্তী প্রজন্মের জন্য মূল্যবান স্মারক হয়ে থাকতে পারে।

এ ছাড়া পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করে সংরক্ষণ করা যায়। পরবর্তী সময়ে সেই স্মৃতিগুলো একসঙ্গে শুনে কাটানো যেতে পারে আনন্দঘন কিছু মুহূর্ত।

মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে যা মনে রাখবেন

কারও কথা শোনার সময় মাঝপথে বাধা দেওয়া থেকে বিরত থাকা জরুরি। বক্তার কথা শেষ হওয়ার আগেই নিজের মতামত বা পরামর্শ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। কথোপকথনের সময় মোবাইল ফোন দূরে রেখে পুরো মনোযোগ বক্তার দিকে দেওয়া প্রয়োজন।

শুধু উত্তর দেওয়ার প্রস্তুতি না নিয়ে বক্তার বক্তব্য ও অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। তার মতের সঙ্গে একমত না হলেও সম্মান দেখানো এবং প্রয়োজন অনুযায়ী সহানুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ।

দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সব সময় অনেক কথা বলার প্রয়োজন হয় না। কখনো কখনো অন্যের কথা মন দিয়ে শোনাই হতে পারে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায়।

Advertisements