২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

আজ বিশ্ব কেক দিবস, প্রিয়জনদের সঙ্গে কাটুক মিষ্টি মুহূর্ত

আজ বিশ্ব কেক দিবস, প্রিয়জনদের সঙ্গে কাটুক মিষ্টি মুহূর্ত

অনেকের প্রিয় খাবার কেক। জন্মদিন, বিয়েবার্ষিকীসহ যে কোনো পারিবারিক উদযাপনের অন্যতম অনুষঙ্গ এই কেক। তবে, অনেকে হয়তো জানেন না কেক নিয়েও একটি দিবস আছে। আজ সেই দিন। আজ ২৬ নভেম্বর কেক দিবস।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয়, প্রাচীন মিশর ও গ্রিসে কেক তৈরির প্রাথমিক প্রচলন শুরু হয়। সে সময়ের কেক বর্তমানের মতো নরম, ফোলানো কিংবা বাহারি সাজের ছিল না; বরং দেখতে অনেকটা সমতল ও ভারী রুটির মতো ছিল। প্রাচীন গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধু মিশিয়ে কেক তৈরি করতেন।

‘কেক’ শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। অন্যদিকে, রোমান শাসনামলে কেকজাতীয় খাবার ‘প্ল্যাসেন্টা’ নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কেক তৈরির উপকরণ, স্বাদ ও আকৃতিতে পরিবর্তন আসে। ইউরোপে ধীরে ধীরে আধুনিক গোলাকার ও আইসিংযুক্ত কেকের প্রচলন গড়ে ওঠে।

ঊনবিংশ শতাব্দীতে পশ্চিম ইউরোপে জন্মদিন উদযাপনে কেকের সঙ্গে মোমবাতি ব্যবহারের প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে জন্মদিনসহ বিভিন্ন আনন্দঘন আয়োজনে কেক হয়ে ওঠে অন্যতম অনুষঙ্গ।

অনেক দেশে দিনটি ‘জাতীয় কেক দিবস’ নামেও পরিচিত। তবে দেশভেদে কেক দিবস পালনের তারিখে ভিন্নতা রয়েছে। কিছু দেশে ২০ জুলাইও কেক দিবস পালন করা হয়।

কেক সবাই ভালোবাসে। এই সুস্বাদু ডেজার্টটি তৈরি করা, খাওয়া বা ভাগ করে নেওয়া যাই হোক না কেন- আজকের দিনটি কেকপ্রেমীদের জন্য দারুণ একটি দিন। কেক দিবস উদযাপনের সর্বোত্তম উপায় হলো পরিবার এবং বন্ধুদের সঙ্গে কেক খাওয়া। এজন্য বিভিন্ন ধরণের কেক খাওয়া যেতে পারে।

Advertisements

কয়েকজন বন্ধুকে নিয়ে বেকারিতে যান এবং তাদের পছন্দের কেক খেতে পারেন। তা হতে পারে দারুচিনি কফি কেক, পাউন্ড কেক, বান্ডট কেক বা স্ট্রবেরি শর্টকেক।

Advertisements