২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

দিনের বেলা অতিরিক্ত ঘুম কি বড় রোগের লক্ষণ, যা বলছেন গবেষকেরা

Sleeping

রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও কি দিনের বেলা বারবার ঘুম পায়? কাজের ফাঁকে চোখ বন্ধ হয়ে আসে, দুপুরের পর শরীর ভীষণ অবসন্ন লাগে কিংবা সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে? অনেকেই বিষয়টিকে সাধারণ ক্লান্তি বা অলসতা ভেবে এড়িয়ে যান। কিন্তু গবেষকেরা বলছেন, দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব কখনো কখনো শরীরের ভেতরে লুকিয়ে থাকা স্বাস্থ্য সমস্যার সংকেত হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘এক্সেসিভ ডে-টাইম স্লিপিনেস’ (Excessive Daytime Sleepiness)। অর্থাৎ দিনের স্বাভাবিক কর্মঘণ্টায় জেগে থাকা এবং মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া। এটি শুধু ঘুমের অভাবের কারণে হয় না; ঘুমের গুণগত মান, শারীরিক অসুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

২০২৫ সালের জুনে জার্নাল অব ক্লিনিক্যাল স্লিপ মেডিসিনে প্রকাশিত আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিনের একটি অবস্থানপত্রে বলা হয়েছে, অতিরিক্ত দিনের ঘুম মানুষের কর্মক্ষমতা, মনোযোগ, মেজাজ ও সামগ্রিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি দুর্ঘটনা ও আঘাতের ঝুঁকিও বাড়ায়।

কোন কোন রোগের সংকেত হতে পারে?

দিনের বেলা অতিরিক্ত ঘুমের অন্যতম কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এ সমস্যায় ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। ফলে ঘুমের ধারাবাহিকতা নষ্ট হয়, যদিও ব্যক্তি বুঝতেই পারেন না যে রাতে তাঁর ঘুম বারবার ভেঙেছে। জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা এবং সকালে মাথাব্যথা এর পরিচিত লক্ষণ।

এ ছাড়া নারকোলেপসি নামের স্নায়বিক ঘুমের সমস্যায় দিনের বেলা হঠাৎ তীব্র ঘুম পেতে পারে। ডায়াবেটিস, স্থূলতা, হৃদ্‌রোগ এবং থাইরয়েডের সমস্যার সঙ্গেও অতিরিক্ত ঘুম ঘুম ভাবের সম্পর্ক থাকতে পারে। রক্তস্বল্পতা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং দীর্ঘদিনের ঘুমের ঘাটতিও এর কারণ হতে পারে।

Advertisements

গবেষণায় কী পাওয়া গেছে?

২০২৫ সালে জার্নাল অব স্লিপ রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় সুইডেনের ২৭ হাজার ৯৭৬ জন মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষকেরা দেখেছেন, রাতে কম ঘুমানো, ঘুমের মান খারাপ হওয়া, অনিদ্রা, নাক ডাকা এবং মানসিক চাপের সঙ্গে দিনের অতিরিক্ত ঘুমের সম্পর্ক রয়েছে। বিষণ্নতা ও দীর্ঘস্থায়ী মানসিক চাপও এ সমস্যার সঙ্গে যুক্ত।

গবেষণাটি আরও দেখিয়েছে, শুধু কতক্ষণ ঘুমানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ নয়; ঘুম কতটা নিরবচ্ছিন্ন ও প্রশান্ত হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

কখন সতর্ক হবেন?

রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর পরও নিয়মিত দিনের বেলা ঘুম পেলে, কাজের সময় চোখ বন্ধ হয়ে এলে কিংবা গাড়ি চালানোর সময় তন্দ্রা অনুভূত হলে বিষয়টি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসা বা সকালে সতেজ না লাগার মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রয়োজনে চিকিৎসক ঘুমের ইতিহাস, ওষুধের ব্যবহার ও শারীরিক অবস্থা পর্যালোচনা করে রক্ত পরীক্ষা কিংবা স্লিপ স্টাডির পরামর্শ দিতে পারেন।

Advertisements