২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

resize

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কম্বল কেনার এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য সরকারের মোট বরাদ্দ রয়েছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদন করা হয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে কম্বল কেনার নতুন প্রস্তাবটি এবার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি সময় লাগতে পারে। এতে আসন্ন শীতে শীতার্ত মানুষের মধ্যে সময়মতো কম্বল বিতরণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে।

এ পরিস্থিতিতে দ্রুত কম্বল সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এ কার্যক্রম বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কম্বল কেনার পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

Advertisements