গরুর মাংস নিয়ে আদালতে নারী

পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা লাইলী বেগম। সেই উদ্দেশ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে নলি কাটতেই অস্বাভাবিক দৃশ্য দেখতে পান। তার অভিযোগ, নলির ভেতরে মাংসের পরিবর্তে অতিরিক্ত চর্বি ভরে রাখা হয়েছে। দোকানিকে বিষয়টি জানিয়ে প্রতিকার চাইতে গেলে পুরো টাকা ফেরত না পাওয়ার পাশাপাশি হুমকির মুখেও পড়েন বলে দাবি করেন তিনি। শেষ পর্যন্ত কেনা মাংসের নমুনা নিয়ে ঢাকা আদালত এলাকায় হাজির হন ক্ষুব্ধ এই গৃহিণী।
দুপুর ২টা থেকে ৩টা পেরিয়ে যাওয়ার পরও আদালত চত্বরে দেখা যায় লাইলী বেগমকে। তার হাতে ছিল সবুজ পলিথিনে রাখা কেনা মাংস ও নলির নমুনা। আদালত এলাকায় উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে নলির দুটি অংশ আলাদা করে দেখান তিনি। এর একটিকে আসল এবং অন্যটিকে চর্বি দিয়ে ভরাট করা বলে দাবি করেন লাইলী। তার অভিযোগ, মাংসের নামে অতিরিক্ত চর্বি বিক্রি করে ক্রেতার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
লাইলী বেগম জানান, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস এবং ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কিনেছিলেন। কিন্তু কেনা নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে বলে দাবি তার।
আদালত এলাকায় নিজের কেনা নলি দেখিয়ে লাইলী বেগম বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’
তিনি আরও অভিযোগ করেন, ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কেনার পর সেটির ভেতরে মাংসের বদলে চর্বি দেখতে পান। তার ভাষায়, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’
লাইলী বেগমের দাবি, কেনার পর নলির ভেতরের অবস্থা বুঝতে পেরে এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তিনি দোকানির কাছে ফিরে যান। সেখানে পণ্য পরিবর্তন অথবা পুরো টাকা ফেরত চান। কিন্তু দোকানি তার দাবি মেনে নিতে রাজি হননি বলে অভিযোগ করেন তিনি।
তাঁর ভাষ্য, দোকানি ৫৫০ টাকার পণ্য বাবদ ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবে রাজি হননি লাইলী। তিনি পণ্য বদলে দেওয়া অথবা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার দাবি জানান। এ নিয়ে প্রতিবাদ করে সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিযুক্ত দোকানির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা আদালত এলাকায় আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লাইলী বেগম বলেন, তার উদ্দেশ্য শুধু নিজের টাকা ফেরত পাওয়া নয়, এ ধরনের প্রতারণা বন্ধ করাও জরুরি। তার মতে, এমন ঘটনা চলতে থাকলে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। নিজের আর্থিক সামর্থ্য থাকায় তিনি হয়তো পরিস্থিতি সামাল দিতে পারবেন, কিন্তু দরিদ্র মানুষের পক্ষে এ ধরনের ক্ষতি বহন করা কঠিন। তাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
আদালত চত্বরে এসে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি উল্লেখ করে লাইলী বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও দৃঢ় অবস্থান জানান তিনি। লাইলী বেগম বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের… আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’
এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, প্রতারণার পরিমাণ কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে কাউকে অর্থ বা সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এমন ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি চাইলে আদালতেও মামলা করতে পারেন বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে তাঁর অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



