বিয়ের গুঞ্জনের মাঝেই আলোচনায় মিমি, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বদলেছে নিজের শর্ত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের কার্ড থেকে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিদ্ধার্থ দত্তের সঙ্গে আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ে করতে পারেন অভিনেত্রী। ডিসেম্বরে মূল অনুষ্ঠানের আয়োজন হতে পারে কালিম্পংয়ে। যদিও এ বিষয়ে মিমি নিজে স্পষ্ট করে কিছু জানাননি।
ছড়িয়ে পড়া বিয়ের কার্ডে বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি দেখা গেছে মিমির তিন পোষ্য কুকুর চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। পোষ্যদের পরিবারের সদস্য মনে করেন অভিনেত্রী। তাই কার্ডে তাদের উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে মিমি রহস্যময় ভঙ্গিতে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘কার কার্ডের কথা বলছেন?’
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। সম্পর্ক, বিয়ে কিংবা ব্যক্তিগত পছন্দ—কোনো বিষয়েই সহজে মুখ খোলেন না তিনি। একসময় বিয়ে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেছিলেন, জীবনসঙ্গীকে ভালো মানুষ ও ভালো বন্ধু হতে হবে। ভ্রমণ ভালোবাসার পাশাপাশি তাঁর পোষ্যদেরও ভালোবাসতে হবে।
পুপে থেকে টালিউডের পরিচিত মুখ
জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমির অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। তবে ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করেও দর্শকের নজর কাড়েন।
এরপর ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন মিমি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেছেন তিনি।
২০২৫ সালে ‘রক্তবীজ ২’ সিনেমায় পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। অ্যাকশন দৃশ্যের জন্য শারীরিক প্রস্তুতি, নিয়মিত জিম ও মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০২৬ সালে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় হরর-কমেডি ঘরানায়ও দেখা গেছে তাঁকে।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বদলেছে ভাবনা
অভিনয়ে নিজের সীমাবদ্ধতা ও স্বাচ্ছন্দ্য নিয়ে বরাবরই স্পষ্ট অবস্থান জানিয়েছেন মিমি। একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ, চরিত্রের প্রয়োজনে কিছু খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো। সে সময় নিজের পাশাপাশি পরিবারের কাছে বিষয়টি নিয়ে জবাবদিহির কথাও ভেবেছিলেন অভিনেত্রী।
তবে সময়ের সঙ্গে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে। ২০১৬ সালের এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, অভিনয়ে চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে তৈরি করা জরুরি। পরবর্তী সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে আরও খোলামেলা অবস্থান জানান তিনি।
২০২২ সালে এক সাক্ষাৎকারে মিমি বলেন, চুম্বন কিংবা ঘনিষ্ঠ রোমান্সের দৃশ্য করতে তাঁর আপত্তি নেই, যদি তা চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনে থাকে। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্পের প্রয়োজনীয়তা এবং দৃশ্যটি চরিত্রকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে।
নিজের শর্তেই কাজ করতে চান মিমি
অভিনয়জীবনের শুরুতে বছরে একাধিক সিনেমায় কাজ করলেও এখন বেশ বেছে কাজ করেন মিমি। ভালো চিত্রনাট্য ও উপযুক্ত পারিশ্রমিককে কাজ বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেন তিনি। পরিচালকের সঙ্গে সম্পর্ক, প্রযোজনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এবং নিজের ভালো লাগাকেও গুরুত্ব দেন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। এরপর অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন।
বাংলাদেশের দর্শকদের কাছেও মিমির জনপ্রিয়তা বেড়েছে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই জনপ্রিয়তা পায়।
ব্যক্তিগত জীবন থেকে অভিনয়—সব ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে পছন্দ করেন মিমি। বিয়ের গুঞ্জন নিয়ে এখনো মুখ না খুললেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়সহ পেশাগত নানা বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।



