শিক্ষার্থী অবস্থাতেই টাকা বাঁচানোর ৫ সহজ কৌশল

শিক্ষাজীবনে সীমিত আয়ের মধ্যে পড়াশোনা ও ব্যক্তিগত খরচ সামলানো অনেক শিক্ষার্থীর জন্যই বড় চ্যালেঞ্জ। মাসের শুরুতে হাতে টাকা এলেও অপরিকল্পিত ব্যয়ের কারণে অনেক সময় মাঝামাঝি সময়েই অর্থ ফুরিয়ে যায়। ফলে মাসের বাকি দিনগুলো কাটাতে হয় আর্থিক চাপের মধ্যে। এ পরিস্থিতি এড়াতে প্রয়োজন সঠিক বাজেট পরিকল্পনা, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস।
শিক্ষার্থীদের অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে কয়েকটি কার্যকর পরামর্শ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, শিক্ষাজীবন থেকেই অর্থ ব্যবস্থাপনায় সচেতন হলে ভবিষ্যতের বড় আর্থিক চাহিদা পূরণ করাও সহজ হয়।
১. মাসিক খরচকে সাপ্তাহিক বাজেটে ভাগ করুন
মাসের শুরুতেই সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব করে বাস্তবসম্মত বাজেট তৈরি করা উচিত। পুরো মাসের টাকা একসঙ্গে খরচ না করে চার সপ্তাহে ভাগ করলে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়।
উদাহরণস্বরূপ, প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পর হাতে ৬ হাজার টাকা থাকলে তা চার সপ্তাহে ভাগ করে প্রতি সপ্তাহে ১ হাজার ৫০০ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। এতে মাসের শুরুতেই অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
এ ছাড়া বন্ধুদের জন্মদিন, বই-খাতা ও স্টেশনারি কেনার মতো অনিয়মিত খরচের জন্যও বাজেটে আলাদা বরাদ্দ রাখা ভালো।
২. প্রয়োজন ও শখের মধ্যে পার্থক্য বুঝুন
অর্থ সাশ্রয়ের অন্যতম কার্যকর উপায় হলো প্রয়োজনীয় খরচ ও শখের খরচ আলাদা করা। কোনো কিছু পছন্দ হলেই তা কেনার প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনে যে জিনিস ছাড়া চলা কঠিন, সেটি প্রয়োজন। অন্যদিকে যে জিনিস ছাড়াও স্বাভাবিক জীবনযাপন সম্ভব, সেটি শখের বিষয়।
যেমন পোশাক কেনা প্রয়োজন হতে পারে, কিন্তু দামি ডিজাইনার পোশাক কেনা শখের মধ্যে পড়ে। তাই প্রথমে প্রয়োজনীয় খরচ মেটাতে হবে। এরপর সামর্থ্য থাকলে শখ পূরণ করা যেতে পারে।
৩. বিনোদনের খরচে সীমা নির্ধারণ করুন
শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি বিনোদনও প্রয়োজন। তবে সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাওয়া কিংবা ভিডিও গেম খেলার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করলে বাজেটে চাপ তৈরি হতে পারে।
এ জন্য বিনোদনের খাতে সাপ্তাহিক বা মাসিক ব্যয়ের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা উচিত। এতে আনন্দ উপভোগের পাশাপাশি আর্থিক ভারসাম্যও বজায় রাখা সম্ভব।
৪. নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন
জীবনে যেকোনো সময় অপ্রত্যাশিত খরচ আসতে পারে। তাই মাস শেষে যা অবশিষ্ট থাকে, তা খরচ না করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি।
এ জন্য একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব খোলা যেতে পারে। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী এক বা দুই বছর মেয়াদি ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) চালু করা যেতে পারে। নিয়মিত অল্প অঙ্কের অর্থ জমিয়েও দীর্ঘমেয়াদে ভালো সঞ্চয় গড়ে তোলা সম্ভব। যেমন মাসে ৫০০ টাকা জমালেও নির্দিষ্ট মেয়াদ শেষে জমার অর্থের সঙ্গে প্রযোজ্য মুনাফা পাওয়া যেতে পারে।
৫. উচ্চশিক্ষা ও বড় খরচের জন্য আগাম প্রস্তুতি নিন
দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। একবারে সেই অর্থ জোগাড় করা অনেকের জন্য কঠিন। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই অল্প অল্প করে সঞ্চয় করা উচিত।
এ ছাড়া শিক্ষা সফর, ছুটিতে ভ্রমণ কিংবা আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার মতো সম্ভাব্য বড় খরচের জন্যও আগে থেকে অর্থ আলাদা রাখা প্রয়োজন। বছরের শুরুতেই এসব ব্যয়ের পরিকল্পনা করলে শেষ মুহূর্তে আর্থিক চাপে পড়তে হয় না।
শিক্ষাজীবন থেকেই আয়-ব্যয়ের হিসাব রাখা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সহজ হয়। অল্প অর্থ দিয়ে শুরু হলেও নিয়মিত সঞ্চয়ই একসময় বড় আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করতে পারে।



