পেত্নী ও শাকচুন্নি: বৈবাহিক পরিচয়ে আলাদা দুই নারী ভূত

বাংলার লোককথায় ভূতের গল্প মানেই রহস্য, ভয় আর নানা অদ্ভুত বিশ্বাস। এসব গল্পে পুরুষ ভূতের পাশাপাশি নারী ভূতেরও রয়েছে পরিচিতি। পেত্নী ও শাকচুন্নি তেমনই দুই পরিচিত নারী ভূত। নাম দুটি প্রায়ই একসঙ্গে উচ্চারিত হলেও প্রচলিত লোকবিশ্বাসে তাদের পরিচয়ের মধ্যে রয়েছে একটি বিশেষ পার্থক্য। আর সেই পার্থক্যটি মূলত বৈবাহিক অবস্থানকে ঘিরে।
পেত্নী
বাংলার লোককথায় পেত্নীকে সাধারণত অবিবাহিত নারী ভূত হিসেবে কল্পনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোনো নারী অবিবাহিত অবস্থায় মারা গেলে কিংবা অকালমৃত্যু, অপঘাত বা অপূর্ণ বাসনা নিয়ে পৃথিবী ছাড়লে তার আত্মা পেত্নী হয়ে ফিরে আসতে পারে। তবে অঞ্চল ও গল্পভেদে পেত্নীর পরিচয় নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে।

পেত্নীর চেহারা নিয়ে লোককথায় প্রচলিত বর্ণনাও বেশ বিচিত্র। কোথাও তাকে লম্বা চুল, সাদা শাড়ি ও অস্বাভাবিক চেহারার অধিকারী হিসেবে কল্পনা করা হয়। আবার কোনো গল্পে তার পায়ের গঠন কিংবা চলাফেরা মানুষের মতো নয় বলে বর্ণনা করা হয়। গ্রামবাংলার নির্জন রাস্তা, পুকুরপাড়, বাঁশঝাড় কিংবা পুরোনো গাছের আশপাশে পেত্নীর দেখা মেলে বলে নানা গল্প প্রচলিত রয়েছে।
শাকচুন্নি
অন্যদিকে, শাকচুন্নি প্রচলিত লোকবিশ্বাসে বিবাহিত নারী ভূত হিসেবে পরিচিত। সংস্কৃত শব্দ ‘শঙ্খচূর্ণী’ থেকে শাকচুন্নি শব্দের উৎপত্তি।
বাঙালি হিন্দু ধর্মে সধবা (বিবাহিত) নারীরা স্বামী জীবিত থাকার প্রতীক হিসেবে হাতে শাঁখা এবং কপালে লাল সিঁদুর পরেন। লোকবিশ্বাস অনুযায়ী, শাকচুন্নি হলো এমন এক বিবাহিত নারীর আত্মা, যিনি সধবা অবস্থাতেই বা স্বামী জীবিত থাকা অবস্থায় অপঘাতে মৃত্যুবরণ করেছেন এবং তার সাংসারিক বা মরজাগতিক ইচ্ছাগুলো অপূর্ণ থেকে গেছে।

বিভিন্ন গল্পে শাকচুন্নিকে অন্য নারীর রূপ ধারণ করা, মানুষের সংসারে প্রবেশ করা কিংবা কোনো নারীকে আচ্ছন্ন করার মতো রহস্যময় ক্ষমতার অধিকারী হিসেবে তুলে ধরা হয়।
লোককথায় দুই নারী ভূতের পরিচয়
পেত্নী ও শাকচুন্নির পার্থক্য শুধু তাদের সাজসজ্জা কিংবা গল্পের ধরনে নয়, বরং নারীকে ঘিরে সমাজের প্রচলিত ধারণার সঙ্গেও সম্পর্কিত। পেত্নীর পরিচয়ে অবিবাহিত নারীর ধারণা আর শাকচুন্নির পরিচয়ে বিবাহিত নারীর প্রতীকী সাজ ফুটে ওঠে। এসব চরিত্রের মধ্য দিয়ে পুরোনো সমাজের বিবাহ, নারীর পরিচয়, আকাঙ্ক্ষা ও নানা সংস্কারও লোককথায় প্রতিফলিত হয়েছে।
ভূতের গল্পের বাস্তবতা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও পেত্নী ও শাকচুন্নির মতো চরিত্র বাংলার লোকসংস্কৃতিতে দীর্ঘদিন ধরে টিকে আছে। প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়িয়ে পড়া এসব গল্প আজও মানুষের কৌতূহল জাগায়।



