২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

বিশ্বজুড়ে বাড়ছে বিড়ালের জনপ্রিয়তা, ১০ হাজার কোটি ইউরো ছাড়াল বাজার

IMG_7932

বিশ্বজুড়ে পোষা বিড়ালের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ প্রাণীকে ঘিরে ব্যবসা-বাণিজ্য। বিড়ালের খাবার, চিকিৎসা, খেলনা ও পরিচর্যার বিভিন্ন পণ্যে মানুষের ব্যয় বাড়ছে। সব মিলিয়ে বিশ্বে বিড়ালকেন্দ্রিক বাজারের আকার ১০ হাজার কোটি ইউরো ছাড়িয়েছে। অর্থনীতির এই নতুন প্রবণতা পরিচিতি পেয়েছে ‘ক্যাটনমিকস’ নামে।

জাপান, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনে দ্রুত সম্প্রসারণ হচ্ছে এই বাজার। বিশেষ করে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা বাড়ায় তাদের পেছনে খরচ করতেও আগ্রহী হচ্ছেন মালিকেরা।

পিডব্লিউ কনসালটিংয়ের এক প্রতিবেদন এবং শেসির রেসপেক্ট মাই নেচার ইনডেক্সের তথ্য অনুযায়ী, পোষা প্রাণীর পেছনে মোট ব্যয়ের ৩৮ দশমিক ৫ শতাংশই হয় বিড়ালকে ঘিরে। খাবার থেকে শুরু করে চিকিৎসা ও পরিচর্যা—সব ক্ষেত্রেই বাড়ছে ব্যয়ের পরিমাণ।

জাপানে বিড়ালকেন্দ্রিক অর্থনীতির এই প্রবণতা পরিচিত ‘নেকোনমিকস’ নামে। দেশটিতে চলতি বছর এ বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি ইউরো বা ৩ লাখ কোটি ইয়েন। কানসাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাৎসুহিরো মিয়ামোতো এ তথ্য জানিয়েছেন। বিড়ালের ক্যাফে, খেলনা ও বিভিন্ন পণ্যও এই অর্থনীতির অংশ।

জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে পোষা বিড়ালের সংখ্যা ছিল ৮৮ লাখ। একই সময়ে কুকুরের সংখ্যা ছিল ৬৮ লাখ। একটি বিড়ালের পুরো জীবনকালে জাপানের একটি পরিবার গড়ে প্রায় ১০ হাজার ৩০০ ইউরো বা ১৮ লাখ ইয়েন ব্যয় করে।

ইউরোপেও বাড়ছে বিড়াল পালনের প্রবণতা। ইউরোপিয়ান পেট ফুড ইন্ডাস্ট্রি ফেডারেশনের (ফেডিয়াফ) ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপের ১৪ কোটি ৯০ লাখ পরিবারে পোষা প্রাণী ছিল। এসব পরিবারের মোট পোষা প্রাণীর সংখ্যা ৩০ কোটি ৬০ লাখ। এর মধ্যে বিড়াল ছিল ১১ কোটি ১০ লাখ এবং কুকুর ৯ কোটি ১০ লাখ।

Advertisements

ইউরোপের পোষা প্রাণীর খাবারের বাজারেও এগিয়ে বিড়াল। সেখানে মোট খাবারের বাজারের ৫০ শতাংশ বিড়ালের খাবারের দখলে। অন্যদিকে কুকুরের খাবারের হিস্যা ৪৬ শতাংশ।

ইউরোপের মধ্যে ফ্রান্স ও জার্মানিতে সবচেয়ে বেশি পোষা বিড়াল রয়েছে। এরপর রয়েছে ইতালি। দেশটিতে গত বছর পরিবারের পোষা বিড়ালের সংখ্যা বেড়ে ১ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১ কোটি ২০ হাজার। একই সময়ে বিড়াল দত্তক নেওয়ার হার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।

ইতালিতে বছরে বিড়ালের খাবারের পেছনে ব্যয় হয় প্রায় ২৩৫ কোটি ইউরো। অ্যাসালকো-জুমার্কের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কুকুর ও বিড়ালের খাবারের বাজারে বিড়ালের খাবারের অংশ ৫৬ শতাংশ। এ খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রেও বিড়াল পালনের জনপ্রিয়তা বাড়ছে। আমেরিকান পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির ৫ কোটি ৩০ লাখ পরিবারে বিড়াল রয়েছে, যা মোট পরিবারের প্রায় ৩৯ শতাংশ। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা বেড়েছে ৫ শতাংশ। বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিদের মধ্যে বিড়াল দত্তক নেওয়ার হার বেড়েছে ২৭ শতাংশ।

এদিকে চীনেও কুকুরের তুলনায় বিড়ালকেন্দ্রিক বাজার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। দেশটির শহরাঞ্চলে বিড়ালের সংখ্যা ৭ কোটি ২৯ লাখ। বিপরীতে কুকুরের সংখ্যা ৫ কোটি ৩৪ লাখ। বিড়ালকেন্দ্রিক বাজারে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২ শতাংশ, যেখানে কুকুরের বাজারে এই হার ৩ দশমিক ২ শতাংশ।

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় পোষা প্রাণীর গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বিড়ালকে ঘিরে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। আর সেই প্রবণতাই বিড়ালকে শুধু ঘরের প্রিয় সঙ্গী নয়, বড় একটি বৈশ্বিক বাজারের অংশ করে তুলছে।

সূত্র: ইউরো নিউজ

Advertisements