দর্শনার্থীর ছোড়া টুপি গিলে অসুস্থ, জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃ’ত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানার জনপ্রিয় জলহস্তী ফিওনা মারা গেছে। দর্শনার্থীর ছুড়ে দেওয়া একটি বোনা টুপি তার থাকার জায়গায় পড়ে গেলে সেটি গিলে ফেলে ফিওনা।
এরপর কয়েক দিন ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফিওনার মৃত্যুর খবর জানায়।
এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে তারা ফিওনার মৃত্যুর খবর জানাচ্ছে। দক্ষ পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়ে জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ার পর ফিওনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রায় ১০ দিন আগে সে একটি বোনা টুপি গিলে ফেলে।
শুরুতে ফিওনাকে সুস্থ মনে হলেও কয়েক দিন পর তার খাওয়ার আগ্রহ কমে যায়। চিড়িয়াখানার কর্মীরা তাকে বেশি করে খাবার খাওয়ানোর চেষ্টা করেন, যাতে খাবারের সঙ্গে টুপিটিও পরিপাকতন্ত্র দিয়ে বেরিয়ে আসে। মৃত্যুর আগে করা আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্রে চলে গেছে। চিড়িয়াখানার এক কর্মী জানান, পূর্ণবয়স্ক জলহস্তীর অস্ত্রোপচার করা সম্ভব নয়। তাই টুপিটি স্বাভাবিকভাবে বের হয়ে আসাই ছিল ফিওনাকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায়।
এ জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্থানীয় একটি ঘোড়ার খামার থেকে কম্পনশীল প্ল্যাটফর্ম ধার করে আনে। টুপিটি বেরিয়ে আসতে সাহায্য করবে, এই আশায় ফিওনাকে সেটির ওপর দাঁড় করানোর চেষ্টা করা হয়। চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, ফিওনাকে বাঁচাতে পরিচর্যাকারীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার শরীর আর ধকল সামলাতে পারেনি।
২০১৭ সালে সিনসিনাটি চিড়িয়াখানায় নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয় ফিওনা। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১৩ কেজি (২৯ পাউন্ড)। চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, জলহস্তীর ক্ষেত্রে এটি ছিল রেকর্ড করা সর্বনিম্ন জন্ম ওজনের প্রায় অর্ধেক। জন্মের পর বেঁচে থাকার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছিল।



