২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

দর্শনার্থীর ছোড়া টুপি গিলে প্রাণ গেল জনপ্রিয় জলহস্তী ফিওনার

baby-fiona

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায় মারা গেছে জনপ্রিয় জলহস্তী ফিওনা। দর্শনার্থীর ছুড়ে দেওয়া একটি বোনা টুপি গিলে ফেলার প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার মৃত্যু হয়। চিকিৎসক ও পরিচর্যাকারীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে সিনসিনাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিওনাকে সুস্থ করে তুলতে চিকিৎসক ও পরিচর্যাকারীরা একাধিকবার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থা আর সামাল দেওয়া সম্ভব হয়নি। চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে বলেন, ‘আমরা এখনো হতবাক। এমন পরিণতি হবে, তা ভাবিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে ফিওনা।’

চিড়িয়াখানার মুখপাত্র মিশেল কার্লি জানান, দুর্ঘটনাক্রমে একটি দর্শনার্থীর বোনা টুপি ফিওনার খাঁচায় পড়ে যায়। ওই ব্যক্তি টুপিটি বাতাসে ছুড়ে দিলে সেটি ছাদের একটি পাখায় আটকে যায়। পরে পাখার ঘূর্ণনে টুপিটি একটি ছোট ফাঁক দিয়ে খাঁচার ভেতরে গিয়ে পড়ে।

টুপি গিলে ফেলার পর প্রথম দিকে ফিওনাকে স্বাভাবিক মনে হলেও কয়েক দিন পর তার খাবারের প্রতি আগ্রহ কমতে শুরু করে। এরপর চিকিৎসকেরা তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন, যাতে টুপিটি পরিপাকতন্ত্র দিয়ে বের হয়ে যেতে পারে। মৃত্যুর আগে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্র দিয়ে অগ্রসর হচ্ছিল।

পূর্ণবয়স্ক জলহস্তীর ক্ষেত্রে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় চিকিৎসকেরা স্বাভাবিকভাবে টুপিটি বের হওয়ার অপেক্ষায় ছিলেন। এ জন্য ভিন্ন পদ্ধতিও প্রয়োগ করা হয়। একটি স্থানীয় ঘোড়ার খামার থেকে আনা কম্পনযুক্ত প্ল্যাটফর্মে ফিওনাকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। তবে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি।

২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই সিনসিনাটি চিড়িয়াখানায় জন্ম হয়েছিল ফিওনার। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১৩ কেজি, যা তার প্রজাতির ক্ষেত্রে নথিভুক্ত সর্বনিম্ন জন্ম-ওজনের প্রায় অর্ধেক। জন্মের পর বেঁচে থাকাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে পরিচর্যাকারীদের প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে।

Advertisements

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফিওনা। তার গল্প নিয়ে তৈরি হয় আইসক্রিমের বিশেষ স্বাদ, এমনকি সিনসিনাটির ব্যালেতেও চরিত্র হিসেবে জায়গা পায় সে।

সাধারণত মানুষের তত্ত্বাবধানে জলহস্তী প্রায় ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই হিসাবে ফিওনার মৃত্যু ছিল অত্যন্ত অকাল।

প্রাণী অধিকারবিষয়ক সংগঠন পেটার (পেটা) বন্দী বন্যপ্রাণী বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ডেবি মেটজলার বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত না হলেও ফিওনার মর্মান্তিক মৃত্যু প্রাণীদের আশপাশে মানুষের সতর্ক ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব মনে করিয়ে দেয়। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে চিড়িয়াখানার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার আহ্বান জানান তিনি।

সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল ফিওনার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শহরটির মানুষের কাছে ফিওনা ছিল অধ্যবসায় ও আনন্দের প্রতীক। শিশু থেকে শুরু করে অভিভাবক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের মুখে হাসি ফুটিয়েছে সে। তার মৃত্যুতে পুরো শহর শোকাহত।

Advertisements