২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বিয়ের আনন্দে সান গ্রুপের কর্মীদের সোনার আংটি উপহার দিলেন কাব্য মারান

images (1)

সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারানকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে এবার ক্রিকেট নয়, নিজের বিয়ের আয়োজনকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তিনি। বিয়ের আনন্দ ভাগ করে নিতে সান গ্রুপের কর্মীদের সোনার আংটি উপহার দিয়েছেন কাব্য ও তার পরিবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, সান গ্রুপের কর্মীদের হাতে বিশেষ উপহারের বাক্স তুলে দেওয়া হচ্ছে। জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে কাব্য মারানের বিয়ের উপলক্ষে এসব উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপহারের বাক্সে ছিল একটি আমন্ত্রণপত্র, চকলেট ও সোনার আংটি। উপহার পেয়ে এক কর্মী বিস্ময় প্রকাশ করে জানান, তারা ভেবেছিলেন সোনার মুদ্রা দেওয়া হবে। কিন্তু বাক্স খুলে সোনার আংটি পেয়ে অবাক হয়েছেন।

উপহারের সঙ্গে থাকা আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর দুপুরের খাবারের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। এটি সান গ্রুপের কর্মীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। কারণ, এর আগে ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য ও অনিরুদ্ধের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের খবর প্রকাশিত হয়েছিল।

কর্মীদের এমন উপহার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে। অনেকে মারান পরিবারের এই উদ্যোগকে উদারতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তবে আংটিগুলোর ওজন ও বাজারমূল্য কত, কিংবা প্রতিষ্ঠানের কতজন কর্মী এই উপহার পেয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করেন কাব্য ও অনিরুদ্ধ। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।

Advertisements
সংগৃহীত

শনিবার (২১ নভেম্বর) চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাদের মূল বিয়ের সংবর্ধনা। এ আয়োজনে ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির অনেক পরিচিত মুখের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন ইতোমধ্যে পরিবার নিয়ে চেন্নাই পৌঁছেছেন বলে জানা গেছে। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ ছাড়া বলিউড তারকা শাহরুখ খান, দক্ষিণী অভিনেতা কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। তবে তাদের উপস্থিতি এখনো নিশ্চিত নয়।

আইপিএলের পরিচিত মুখ কাব্য মারানের বিয়ের আয়োজন নিয়ে ক্রিকেট ও বিনোদনজগতের ভক্তদের আগ্রহ রয়েছে। এর মধ্যেই কর্মীদের সোনার আংটি উপহার দেওয়ার খবর তার বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Advertisements