২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও সেরা অভিনেত্রী নাজিফা তুষি

images

আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন তিনি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মাননা অর্জন করেন এই অভিনেত্রী।

সংগৃহীত

এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। উৎসবটির অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘স্নো লেপার্ড’। এর আগে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা এ সম্মাননা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।

‘রইদ’ সিনেমার জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার ১২তম মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।

আন্তর্জাতিক এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাজিফা তুষি বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

এরই মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় সিনেমাটি। এ ছাড়া সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। পাশাপাশি ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।

Advertisements

Advertisements