২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল ‘জিটিএ ৬’

gta6-1280×720

১৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই বিক্রি ও আগাম অর্ডার মিলিয়ে ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে গেমটি। এতে আয় হয়েছে প্রায় ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, এই সাফল্য বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়িক অর্জনের রেকর্ড গড়তে পারে। তুলনায়, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পুরো প্রদর্শনকাল মিলিয়ে আয় করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো বিক্রির বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে, গেমটির প্রতি মানুষের আগ্রহ ‘নজিরবিহীন’।

প্রায় তিন দশক ধরে চলা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ জিটিএ ৬। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঞ্চল লিওনিডাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গেমটির কাহিনি। এতে নতুন দুই চরিত্র লুসিয়া ও তার সঙ্গী জেসনের গল্প তুলে ধরা হয়েছে। তারা দুজনই ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত।

গেমটি তৈরিতে এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেন্সর টাওয়ারের পূর্বাভাস বলছে, জিটিএ ৬-এর বিপুল জনপ্রিয়তার কারণে অন্য সিঙ্গেল-প্লেয়ার গেমে খেলোয়াড়দের সময় কাটানোর পরিমাণ ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫-এ। বাকি বিক্রি হয়েছে এক্সবক্সে।

Advertisements

অন্যদিকে, গেমবাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের ধারণা, চলতি বছর বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে মূল্যস্ফীতি সমন্বয়ের পর প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করা ১৯৩৯ সালের চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর আয়ের তুলনায় তা কম থাকবে।

আগামী বছরগুলোতেও গেমটি থেকে রকস্টারের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি এখনো পিসি সংস্করণ প্রকাশের তারিখ জানায়নি। একইভাবে, অনলাইনে অন্য খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মিশন সম্পন্ন করার সুযোগ থাকা মাল্টিপ্লেয়ার সংস্করণ নিয়েও কোনো ঘোষণা আসেনি।

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ গেমটির খেলার সময় এবং আয়—দুটিই বাড়াতে পারে।

বিভিন্ন সময়ে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় জিটিএ ৬ নিয়ে খেলোয়াড়দের আগ্রহ আরও বেড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে বিভিন্ন অঞ্চলে গেমটি উন্মুক্ত হওয়ার পর অনেকেই রাত জেগে খেলা শুরু করেন। কেউ কেউ গেমটি খেলার জন্য পরদিন ছুটিও নিয়েছেন।

গেমটির ২১২ গিগাবাইটের ফাইল ডাউনলোড করতে খেলোয়াড়দের ব্যাপক আগ্রহের কারণে ভার্জিন মিডিয়া ওটুর সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকের রেকর্ড ভেঙেছে।

তবে গেমটির সহিংসতাপূর্ণ গ্রাফিকসের কারণে জাপানে এর কিছু অংশ সেন্সর করা হয়েছে। আগের সংস্করণগুলোর মতো জিটিএ ৬-ও চীনের মূল ভূখণ্ডে বিক্রির অনুমোদন পায়নি।

Advertisements