২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

টানা বৃষ্টিতেও কমেনি ঢাকার বায়ুদূষণ, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

screenshot_2024-12-30_123552

টানা কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আজ শনিবারও (২১ নভেম্বর) ঢাকার বাতাসের মান রয়েছে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৪৪। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

তালিকায় ২৬৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯৪। এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইরাকের বাগদাদ এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

Advertisements