১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বিচ্ছেদ ও নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাবিলা নূর

images (10)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এখন বড়পর্দায়ও নিজের অবস্থান তৈরি করছেন। গত বছর শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই ঢালিউডের শীর্ষ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি সিনেমায় কাজ করতে সম্মতি দিয়েছেন সাবিলা। সিনেমাটির গল্প ভালো লাগায় তিনি এতে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। এ ছবিতে আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন সিনেমার কাজ নিয়ে বর্তমানে প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে সাবিলার।

তবে অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সাবিলা নূরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যে আবার নতুন প্রেমে জড়ানোর খবরও সামনে আসে। কখনো দাম্পত্য জীবনে বিচ্ছেদের আলোচনা, আবার কখনো নতুন সম্পর্কে জড়ানোর জল্পনা—সব মিলিয়ে গত কয়েক মাস ধরে অভিনেত্রীকে ঘিরে নানা কথা ছড়িয়েছে। তবে এসব বিষয়ে এত দিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন সাবিলা নূর। তবে তার বক্তব্যে বিচ্ছেদ কিংবা নতুন কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে আসেনি। বরং নতুন ভালোবাসার কথা বলতে গিয়ে ভিন্ন এক বিষয় সামনে এনেছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলেও সরাসরি কোনো উত্তর দেননি সাবিলা। নতুন সম্পর্কের খবর প্রসঙ্গেও কৌশলে দিয়েছেন ব্যতিক্রমী জবাব।

সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।’

Advertisements

অভিনেত্রীর এমন মন্তব্যের পর তার নতুন ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনো সরাসরি কিছু জানাননি তিনি।

Advertisements