চরিত্রের প্রয়োজনে লম্বা চুল কাটলেন সাই পল্লবী, মানলেন পরিচালকের ইচ্ছা

অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু নির্দিষ্ট নীতিতে বরাবরই অটল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় ছোট পোশাক কিংবা খোলামেলা সাজে হাজির হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। আবার যেকোনো ধরনের চরিত্রেও অভিনয় করতে আগ্রহী নন। নিজের পছন্দ ও শর্তের বিষয়ে স্পষ্ট অবস্থান থাকলেও অভিনয়গুণে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। ফলে তাঁর শর্ত মেনেই অনেক নির্মাতাকে তাকে নিয়ে কাজ করতে হয়েছে।

তবে এবার চরিত্রের প্রয়োজনে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন পল্লবী। পরিচালকের চাওয়া পূরণ করতে কেটে ফেলেছেন তার দীর্ঘ কালো চুল। চরিত্রটিকে পর্দায় আরও বাস্তবসম্মত করে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম—দ্য ব্লাড উড’ সিনেমায় আইপিএস কর্মকর্তা নিত্যা রেড্ডির ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। চরিত্রটির চেহারা কেমন হবে, তা বোঝাতে পরিচালক তাকে বাস্তবের পুলিশ কর্মকর্তা মেরিন জোসেফের ছবি দেখিয়েছিলেন। ওই পুলিশ কর্মকর্তার মতোই ছোট চুলের সাজে পর্দায় পল্লবীকে দেখতে চেয়েছিলেন তিনি।
সাধারণত নিজের পর্দার সাজপোশাক ও উপস্থিতির বিষয়ে বেশ সচেতন পল্লবী। এসব ক্ষেত্রে কাজ শুরুর আগেই নিজের পছন্দ ও শর্তের কথা নির্মাতাদের জানিয়ে দেন। কিন্তু এবার চরিত্রের প্রয়োজনে পরিচালকের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজের প্রিয় লম্বা চুল কেটে ছোট করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে পল্লবী জানান, চুল কাটার আগে বিষয়টি মাকেও জানাননি তিনি। নতুন চেহারায় নিজেকে দেখানোর জন্য প্রথমে মাকে ভিডিও কল করেন। কিন্তু মেয়ের ছোট চুলের নতুন রূপ দেখে বিস্মিত হয়ে যান তার মা। কিছু না বলেই হঠাৎ ফোন কেটে দেন।
এরপর অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের পরিবর্তিত চেহারা দেখে তিনিও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। বরং জানতে চান, ‘তুমি কি পরচুলা পরেছ!’ তখন পল্লবী তাকে জানান, সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজের চুল কেটেছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু পরিচালকের এই চরিত্রের জন্য এমন লুক প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি।’
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম—দ্য ব্লাড উড’ সিনেমায় সাই পল্লবীর সঙ্গে অভিনয় করেছেন ধানুষ, মামুট্টি ও শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
এদিকে ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করেও আলোচনায় রয়েছেন সাই পল্লবী। ছবিটিতে তকে এই চরিত্রে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা দেখা গিয়েছিল। অনেকে মন্তব্য করেছিলেন, সীতার চরিত্রে পল্লবীকে মানাবে না। তবে সিনেমাটি মুক্তির পর সেই সমালোচনার চিত্র বদলে যায়। বরং তার অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই। ‘রামায়ণ’ নিয়ে আলোচনার পাশাপাশি সাই পল্লবীর অভিনয় নিয়েও নতুন করে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



