১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

দ্বিতীয় সন্তান কি ছেলে, কিয়ারার সাধের কেক ঘিরে ভক্তদের জল্পনা

Kiyara-67f23f819cd57-(1)-6ac5fcd467580

বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তান মেয়ে সারাহার পর দ্বিতীয়বার মা-বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এরই মধ্যে ঘরোয়া আয়োজনে অন্তঃসত্ত্বা কিয়ারার সাধভক্ষণ বা বেবি শাওয়ারের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর সেই অনুষ্ঠানের একটি বিশেষ কেকের ছবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্তদের কৌতূহল, এবার কি পুত্রসন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী?

সংগৃহীত

কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন সিদ্ধার্থ ও কিয়ারা। পরে করণ জোহরের অনুষ্ঠানে উপস্থিত হয়েও অনাগত সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।

বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন কিয়ারা। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বেবিমুনেও ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নেওয়ায় মনোযোগী সিদ্ধার্থ মালহোত্রাও।

বিভিন্ন সূত্রের খবর, ২০২৭ সালের শুরুর দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাধভক্ষণের অনুষ্ঠানের একটি বিশেষ কেকের ছবি শেয়ার করেন অভিনেত্রী। একই সঙ্গে কেকটি যারা তৈরি করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ছবিতে কিয়ারাকে দেখা না গেলেও কেকের নকশা ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে কেক সাজানোর ফুলগুলোর রং দেখে অনেকে অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে নানা রকম অনুমান করছেন। সিদ্ধার্থের সঙ্গে কেক কাটার বিশেষ মুহূর্তের ছবিও ইতোমধ্যে কিয়ারার বিভিন্ন ভক্তগোষ্ঠী ও আলোকচিত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

কেকটিতে নীল ও বেগুনি রঙের ফুলের আধিক্য রয়েছে। তবে সেসব ফুলের মাঝখানে চোখে পড়ার মতো একটি গোলাপি ফুলও রাখা হয়েছে। আর এই রঙের সমাহার নিয়েই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা।

Advertisements

একদল ভক্তের ধারণা, কেকের নীল ফুলের সংখ্যা বেশি হওয়ায় দম্পতির ঘরে এবার পুত্রসন্তান আসতে পারে। তাঁদের মতে, সাধারণত নীল রং ছেলেশিশুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তাই কেকের সাজসজ্জায় নীলের আধিক্যকে তাঁরা বিশেষ ইঙ্গিত হিসেবে দেখছেন।

অন্যদিকে আরেক দলের নজর আটকে গেছে নীল ও বেগুনি ফুলের ভিড়ে থাকা একটিমাত্র গোলাপি ফুলে। তাদের প্রশ্ন, এই গোলাপি ফুল কি তাহলে দ্বিতীয়বার কন্যাসন্তান আসার কোনো ইঙ্গিত? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও অনুমান।

তবে অনেক ভক্তই মনে করছেন, সন্তান ছেলে না মেয়ে—সেটি বড় বিষয় নয়। মা ও অনাগত সন্তান সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে সন্তানের লিঙ্গ জানার সুযোগ রয়েছে। সেসব দেশে অনেক দম্পতি জাঁকজমকপূর্ণ আয়োজনে জেন্ডার রিভিল অনুষ্ঠানও করে থাকেন।

কাজের দিক থেকে কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায়। এর আগে ‘ওয়ার ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিগুলো। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বের সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখে প্রশংসা করেছেন দর্শকরা। এরই মধ্যে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ান ২’ নির্মাণের ঘোষণাও এসেছে।

Advertisements