১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

১ ডিসেম্বর থেকে রাজধানীতে হুটার-হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান

dmp

রাজধানীতে অনুমোদনহীন হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ অভিযানের আগে যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম নিজ উদ্যোগে খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ দায়িত্বে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় পাওয়া গেলে কিংবা এসব সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে ডিএমপি।

Advertisements
Advertisements