১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

290d3c4701b15c715e9e6ddd2f3dca8c-6afc292a7e8eb

মাদারীপুরের কালকিনি উপজেলায় নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামের এক যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামের আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের জেরে একসঙ্গে থাকার দাবিতে তিনি এই অবস্থান নেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়। পরবর্তীতে সেই পরিচয় গড়ায় ভালো লাগা এবং প্রেমের সম্পর্কে। বর্তমানে তারা দুজনই সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন করতে ও বিয়ে করতে চান। আর এই অটল দাবিতেই নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়রা জানান, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার সরাসরি বিয়ের দাবিতে অনড় থেকে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়িতেই ঘটেছে। এক তরুণের বাড়িতে আরেক তরুণ এসে অবস্থান নিয়েছেন। খবর পেয়েই বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছি। পাশাপাশি ওই যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।’

Advertisements
Advertisements