১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

সাংবাদিক পরিচয়ে অন্যায় করার সুযোগ নেই: পরীমনি

f45e9509-76a9-40b6-ac21-81fde3a3773d

মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বাগ্‌বিতণ্ডার ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

পরীমনি বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তা মেনে নেওয়ার সুযোগ নেই। গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গেলে এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। ওই সাংবাদিকের বিরুদ্ধে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন অভিনেত্রী।

সেদিনের ঘটনা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল?’

তিনি আরও বলেন, ওই পরিস্থিতিতে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। তার ভাষ্য, সাংবাদিক পরিচয় দিয়ে কারও অন্যায় করার সুযোগ থাকা উচিত নয়।

এর আগে গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাপূর্ণ আচরণ দেখা যায়। ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

পরে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।

Advertisements