১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিজ্ঞান

পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন?

Gemini_Generated_Image_9i0bi09i0bi09i0b

একই পরিবেশে থেকেও পুরুষের তুলনায় নারীরা অনেক সময় বেশি শীত অনুভব করেন। বিশেষ করে শীতের আবহাওয়া কিংবা শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষে নারীদের গরম পোশাক বা কম্বলের প্রয়োজন বেশি দেখা যায়। দীর্ঘদিনের পরিচিত এই অভিজ্ঞতার পেছনে রয়েছে শারীরবৃত্তীয় কিছু কারণ। সম্প্রতি জার্নাল অব ফিজিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে, শীত অনুভবের এই পার্থক্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টেস্টোস্টেরন হরমোন।

মানুষের ত্বকের নিচে অসংখ্য স্নায়ুপ্রান্ত রয়েছে, যা পরিবেশের তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠায়। এসব সংকেতের মাধ্যমেই মানুষ ঠান্ডা বা গরম অনুভব করে। তবে নারী ও পুরুষের ক্ষেত্রে তাপমাত্রা শনাক্ত করার প্রক্রিয়ায় কিছু পার্থক্য থাকতে পারে।

গবেষণার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীরা ৩০টি পুরুষ ও ২৭টি স্ত্রী ইঁদুরের ওপর পরীক্ষা চালান। ইঁদুরগুলোকে দুটি ভিন্ন তাপমাত্রার প্লেটে রাখা হয়। একটি প্লেটের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যটির তাপমাত্রা পরিবর্তন করা হয়।

পরীক্ষায় দেখা যায়, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে স্ত্রী ইঁদুরগুলো পুরুষ ইঁদুরের তুলনায় বেশি সময় উষ্ণ প্লেটে অবস্থান করে। পুরুষ ইঁদুরের পছন্দের তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে স্ত্রী ইঁদুরের পছন্দ ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এরপর গবেষকেরা টেস্টোস্টেরন হরমোনের প্রভাব পরীক্ষা করেন। একদল পুরুষ ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে দিলে তারা আগের তুলনায় উষ্ণ পরিবেশে বেশি সময় কাটাতে শুরু করে। অন্যদিকে, স্ত্রী ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন প্রয়োগের পর তাদের উষ্ণ পরিবেশের প্রতি আগ্রহ কমে যায়।

গবেষণায় আরও দেখা যায়, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন এ ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। গবেষকদের মতে, টেস্টোস্টেরন সরাসরি তাপমাত্রা শনাক্তকারী স্নায়ুতে কাজ না করে দীর্ঘমেয়াদে জিনের কার্যক্রমে পরিবর্তন ঘটিয়ে তাপমাত্রার প্রতি সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে।

Advertisements

এই গবেষণার ফলাফল শুধু নারী-পুরুষের শীত অনুভবের পার্থক্য বোঝার ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে আরও আরামদায়ক কর্মপরিবেশ তৈরিতেও সহায়ক হতে পারে। বিশেষ করে অফিস, বাসা ও অন্যান্য স্থানে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা এমনভাবে তৈরি করা সম্ভব হবে, যাতে নারী-পুরুষ উভয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাশাপাশি ঠান্ডা-গরমের প্রতি অতিসংবেদনশীলতা ও স্নায়বিক ব্যথার চিকিৎসা নিয়েও নতুন গবেষণার সুযোগ তৈরি হতে পারে।

সূত্র: লাইভ সায়েন্স

Advertisements