ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য এই পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমাগত উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে নিম্নচাপটির প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে এই গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



