নামাজ না পড়া নিয়ে বিরোধ, নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বৃদ্ধের

বরগুনায় নামাজ পড়তে বলায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ নানা শ্বশুরের হাতের লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক নাতি জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে থানায় এ অভিযোগ করেন তিনি। অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।
অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকায় বসবাস করেন মাওলানা সোহরাব হোসেন। তার বাড়ির পাশেই থাকেন অভিযুক্ত রব্বানী গাজী।
অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলে তিনি রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
বৃদ্ধ বয়সে এমনিতেই হাঁটাচলায় চরম কষ্ট হয় সোহরাব হোসেনের। এর মধ্যে লাঠি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, রব্বানী বিভিন্ন সময় পথে-ঘাটে তাকে গালমন্দ ও অশালীন ভাষায় কথা বলেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বৃদ্ধ।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



