‘পঁচিশটা সিনেমার মাঝে ২০টা ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাসের পাল্টা খোঁচা

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণিকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিনোদন অঙ্গন। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার রূপ নিয়েছে ব্যক্তিগত বাকযুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে উদ্দেশ করে দেওয়া মন্তব্যের পর এবার সরাসরি পরীমণিকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস।
বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস মন্তব্য করেন, শুধু লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তাঁর এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অপুর মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি অপুকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ভাষায় নিজের প্রতিক্রিয়া জানান। এমনকি অভিনেত্রীকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি অপুর বক্তব্যকে বিরক্তিকর ও অসংগতিপূর্ণ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
তবে পরীমণির এমন বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন অপু। তাঁর ভাষ্য, তিনি নিয়মিত বা খুব বেশি ফেসবুক ব্যবহার করেন না। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন মাত্র। তবে তাঁকে ঘিরে যারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
দুই তারকার এমন পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে সরগরম হয়ে উঠেছে ঢালিউডপাড়া। ব্যক্তিগত অবস্থান, জনপ্রিয়তা ও পেশাগত সাফল্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটিই দেখার অপেক্ষা।



