রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান

সম্পর্কের সমীকরণ সব সময় সরল হয় না। ভালোবাসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধনের আড়ালেও জমতে পারে সন্দেহ, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা। মানুষের মনের এমনই অন্ধকার দিকের গল্প নিয়ে পর্দায় আসছেন জয়া আহসান। ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেত্রী।
মনস্তাত্ত্বিক রহস্য ও খুনের গল্পে নির্মিতব্য এ সিনেমায় আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, প্রীতি সরকার, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী, মনোজ ওঝাসহ আরও অনেকে।
অর্জুন দত্তের সিনেমায় সম্পর্কের জটিলতা ও মানুষের মনস্তত্ত্ব বরাবরই বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’ কিংবা ‘বিবাহ অভিযান’-এর মতো ভিন্নধর্মী গল্পের মধ্য দিয়ে তিনি দর্শকের সামনে তুলে ধরেছেন মানুষের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন। এবার সেই পরিচিত গল্প বলার ভঙ্গিতে যুক্ত হচ্ছে রহস্য, রোমাঞ্চ ও ডার্ক হিউমার। ফলে ‘আরএসভিপি মার্ডার’ পরিচালকের আগের কাজগুলোর তুলনায় ভিন্ন স্বাদের একটি সিনেমা হতে যাচ্ছে।
সিনেমাটির গল্পের পটভূমি পাহাড়। সেখানে একটি আনন্দঘন অনুষ্ঠানকে ঘিরে একত্র হন বেশ কয়েকজন মানুষ। উৎসবের আমেজ, পরিচিত মুখ আর হাসি-আড্ডায় শুরু হওয়া সন্ধ্যা আচমকাই বদলে যায় একটি অস্বস্তিকর বার্তায়। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও দ্রুত পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একটি ঘটনা ঘিরে শুরু হয় রহস্যের অনুসন্ধান। সেই অনুসন্ধানে সামনে আসতে থাকে একেকজনের ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়।
বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, ঈর্ষা ও পুরোনো ক্ষোভ নতুন করে প্রশ্নের মুখে পড়ে। প্রত্যেকের আচরণ ও বক্তব্যের মধ্যে তৈরি হয় অসংগতি। কে নির্দোষ, কে অপরাধী আর কার কাছে রয়েছে ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র–তা নিয়েই এগোবে কাহিনি। এমন একটি গল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়া আহসান। পরিচালক অর্জুন দত্তের কাজের প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি। জয়ার ভাষ্যে, ‘অর্জুন দত্ত আমার পছন্দের নির্মাতাদের মধ্যে অন্যতম। তাঁর পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। একঝাঁক গুণী শিল্পীর সঙ্গে কাজের সুযোগ এবং আমার চরিত্রের অভিনয়গত চ্যালেঞ্জ আমাকে আকৃষ্ট করেছে। ছবিটি যেহেতু একটি মার্ডার মিস্ট্রি, তাই এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত।’



