১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিবিধ

তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

cd1ebfdbde775fc066cfe97c5e8ce11a-6af8828948e16

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন সাইফুল ইসলাম নামের ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় অবস্থানকালে শিক্ষক সাইফুল ইসলাম শিশুটির সঙ্গে শ্লীলতাহানিমূলক আচরণ করেন। পরে মাদ্রাসার ছুটি হলে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়।

সন্তানের কাছ থেকে ঘটনা জানার পর তার মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকশ মানুষ মাদ্রাসার সামনে জড়ো হন। পরে তারা অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।

খবর পেয়ে পুলিশ অতিরিক্ত সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যথাযথ বিচার এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Advertisements

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements