১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিশ্ব

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কারা, কীভাবে গড়েছেন হাজার কোটি ডলারের সম্পদ?

f3f143bd539f90a2e4a943c1ed9c48aa

বিশ্বের ধনকুবেরদের তালিকায় এখন জায়গা করে নিচ্ছেন একঝাঁক তরুণ। তাদের কারও বয়স মাত্র ২০ বছর, আবার কেউ ২২ বছর বয়সেই হয়ে উঠেছেন শতকোটি ডলারের মালিক। কেউ পেয়েছেন পারিবারিক ব্যবসার উত্তরাধিকার, আবার কেউ প্রযুক্তি ও নিজেদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য।

ফোর্বসের সর্বশেষ রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বিশ্বে ৩০ বছরের কম বয়সী বিলিয়নিয়ারের সংখ্যা বর্তমানে ৩৫। এই তরুণ ধনীদের মধ্যে যেমন রয়েছেন বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের উত্তরাধিকারীরা, তেমনি রয়েছেন প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠা করে নিজেদের ভাগ্য বদলে ফেলা উদ্যোক্তারাও।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ তরুণ উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক হয়ে আলোচনায় এসেছেন এমন পাঁচ তরুণ বিলিয়নিয়ারের পরিচয় ও তাদের সম্পদ গড়ে ওঠার গল্প তুলে ধরা হলো।

১. অ্যামেলি ভয়ট ত্রেজেস (ব্রাজিল)

মাত্র ২০ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী বিলিয়নিয়ারদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রাজিলের অ্যামেলি ভয়ট ত্রেজেস। পারিবারিক ব্যবসার উত্তরাধিকার সূত্রেই তার এই বিপুল সম্পদের মালিকানা।

দক্ষিণ আমেরিকার অন্যতম বড় বৈদ্যুতিক সরঞ্জাম ও মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডব্লিউইজি (WEG)-এর সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির পারিবারিক শেয়ারের অংশীদারত্বের সুবাদে অ্যামেলির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে।

তবে বিপুল সম্পদের মালিক হলেও প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালন কার্যক্রমে তিনি সরাসরি যুক্ত নন। মূলত পারিবারিক ব্যবসায়িক অংশীদারত্বই তাকে অল্প বয়সে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে দিয়েছে।

Advertisements

২. ইয়োহানেস ফন বাউম্বাখ (জার্মানি)

বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনীদের তালিকায় অন্যতম আলোচিত নাম জার্মানির ইয়োহানেস ফন বাউম্বাখ। মাত্র ২০ বছর বয়সেই তার সম্পদের পরিমাণ প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।

জার্মানির বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোহরিংগার ইনগেলহাইমের (Boehringer Ingelheim) উত্তরাধিকারী তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ওষুধশিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। পারিবারিক সূত্রে পাওয়া এই ব্যবসায়িক সম্পদের অংশীদারত্বই ইয়োহানেসকে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারদের কাতারে নিয়ে এসেছে।

অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক হয়ে আন্তর্জাতিক ধনীদের তালিকায় তার অবস্থান বিশেষভাবে আলোচিত হচ্ছে। পারিবারিক ফার্মাসিউটিক্যাল ব্যবসার বিশাল আর্থিক ভিত্তিই তার সম্পদের প্রধান উৎস।

৩. ক্লেন্তে দেল ভেক্কিও (ইতালি)

মাত্র ২১ বছর বয়সেই প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইতালির ক্লেন্তে দেল ভেক্কিও। বিশ্বের অন্যতম জনপ্রিয় চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকার (EssilorLuxottica) পারিবারিক অংশীদারত্বের উত্তরাধিকারী তিনি।

প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে বিশ্বখ্যাত চশমার ব্র্যান্ড রে-ব্যান ও ওকলি। আন্তর্জাতিক ফ্যাশন ও চশমার বাজারে এই ব্র্যান্ডগুলোর ব্যাপক পরিচিতি রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য এবং পারিবারিক শেয়ার থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন ক্লেন্তে।

তবে এত অল্প বয়সে বিলিয়নিয়ার হয়ে উঠলেও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দৈনন্দিন কার্যক্রমে তিনি সরাসরি যুক্ত নন। মূলত পারিবারিক ব্যবসার মালিকানার অংশীদারত্বই তাঁর সম্পদের ভিত্তি।

৪. সুরিয়া মিধা (যুক্তরাষ্ট্র)

পারিবারিক সম্পদের উত্তরাধিকার ছাড়াই নিজের উদ্যোগে বিলিয়নিয়ার হয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী উদ্যোক্তা সুরিয়া মিধা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ প্রযুক্তির ব্যবসা গড়ে তুলে তিনি প্রযুক্তি দুনিয়ায় নতুন পরিচিতি পেয়েছেন।

সুরিয়া তার বন্ধু ব্রেন্ডন ফুডি ও আদর্শ হিরেমাথের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন এআইভিত্তিক রিক্রুটিং স্টার্টআপ ‘মারকোর’ (Mercor)। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ ও দক্ষ জনবল খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার প্রযুক্তি নিয়ে কাজ করে।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই মারকোরের ব্যবসায়িক মূল্য ও পরিচিতি বেড়েছে। এর মাধ্যমে সুরিয়ার আনুমানিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে।

পারিবারিক উত্তরাধিকার ছাড়াই নিজের উদ্যোগে এই অবস্থানে পৌঁছে তিনি তরুণ উদ্যোক্তাদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছেন। মার্ক জাকারবার্গের সর্বকনিষ্ঠ সেলফ-মেইড বিলিয়নিয়ার হওয়ার পুরোনো রেকর্ডও ভেঙেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৫. ব্রেন্ডন ফুডি (যুক্তরাষ্ট্র)

সুরিয়া মিধার মতোই মাত্র ২২ বছর বয়সে বিলিয়নিয়ার হয়েছেন তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ব্রেন্ডন ফুডি। যুক্তরাষ্ট্রের এই তরুণ উদ্যোক্তা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসায়িক পরিচিতি।

সুরিয়া মিধা ও আদর্শ হিরেমাথের সঙ্গে যৌথভাবে মারকোর প্রতিষ্ঠা করেন ব্রেন্ডন। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করা। আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে অল্প সময়েই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে আলোচনায় আসে।

মারকোরের ব্যবসায়িক সাফল্য এবং প্রতিষ্ঠানের মালিকানায় অংশীদারত্বের কারণে ব্রেন্ডনের সম্পদের পরিমাণও প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। পারিবারিক উত্তরাধিকারের পরিবর্তে নিজের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত উদ্যোগ ও ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে তিনি এই অবস্থান তৈরি করেছেন।

উত্তরাধিকার নাকি নিজের উদ্যোগ, দুই পথেই বিলিয়নিয়ার তরুণেরা

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকা বিশ্লেষণ করলে সম্পদ গড়ে তোলার দুটি ভিন্ন চিত্র সামনে আসে। একদিকে রয়েছেন অ্যামেলি ভয়ট ত্রেজেস, ইয়োহানেস ফন বাউম্বাখ ও ক্লেন্তে দেল ভেক্কিওর মতো তরুণেরা, যারা পারিবারিক ব্যবসার উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অন্যদিকে সুরিয়া মিধা ও ব্রেন্ডন ফুডির মতো উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে প্রযুক্তিনির্ভর ব্যবসা প্রতিষ্ঠা করে বিলিয়নিয়ার হয়েছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত সম্প্রসারণ তাদের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Advertisements