জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নেতৃত্বে সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে চীনের সাংহাইয়ে অবস্থান করবেন। তার অনুপস্থিতিতে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন সঞ্চিতা হক।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়। ওই নোটের মাধ্যমে রাষ্ট্রদূত সঞ্চিতা হকের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খানের অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ ধরনের দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ (Charge d’Affairs ad interim) বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি সাময়িকভাবে দায়িত্বের বাইরে থাকলে তার অনুপস্থিতিতে মিশনের নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন মনোনীত কূটনীতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা ২০০৩ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি। আন্তর্জাতিক কূটনীতি, বহুপক্ষীয় সম্পর্ক এবং বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এসব দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ।
সঞ্চিতা হক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লাবাড়ির প্রয়াত আনোয়ারুল হকের মেয়ে। তার মায়ের নাম তাহমিনা খাতুন। পারিবারিক সূত্রে জানা যায়, তার দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে যাওয়ায় তাঁর অনুপস্থিতিতে সঞ্চিতা হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।



