১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিবিধ

এমপি নুসরাত প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, বাবার বিরুদ্ধে মামলা

9-1794665155

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার (১৪ নভেম্বর) এ মামলা করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান আবদুল হালিম ও তার সহযোগীরা। এ সময় তারা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন বাদী। এ ছাড়া বাড়ি থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহারে ইদ্রিস আলী আরও উল্লেখ করেন, ঘটনার পর তিনি এলাকাবাসীর কাছে বিচার চাইতে গেলে উল্টো তার বিরুদ্ধেই দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। গত বছরের ১৬ সেপ্টেম্বর করা ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম বিরোধপূর্ণ জমিটি দখল করে নিয়েছেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, জমি নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করলে তাকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগে ইদ্রিস আলী সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

Advertisements

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন ইদ্রিস আলী।

জমি কেনার বিষয়টি উল্লেখ করে বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।’

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

জমি কেনাবেচা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করে আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী। তিনি বলেন, তাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হলেও এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisements