ছবি আসল, নাকি এআইয়ের তৈরি? সহজেই শনাক্ত করার কয়েকটি উপায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য ছবি ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিছু বাস্তব ক্যামেরায় তোলা, আবার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি। প্রযুক্তির উন্নতির ফলে এআই দিয়ে তৈরি ছবিও এখন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে অনেক সময় সাধারণ চোখে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সংবাদ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আলোচিত কোনো ব্যক্তিকে ঘিরে তৈরি ভুয়া ছবি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে। তবে কয়েকটি বিষয় খেয়াল করলে প্রাথমিকভাবে বোঝা সম্ভব, কোনো ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি।
১. ছবির সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করুন
এআই দিয়ে তৈরি ছবিতে অনেক সময় ছোটখাটো অসংগতি থাকে। যেমন—মানুষের হাতের আঙুলের সংখ্যা বা গঠন অস্বাভাবিক হওয়া, চোখের দৃষ্টিতে অসামঞ্জস্য, দাঁতের আকৃতি অস্বাভাবিক দেখানো কিংবা শরীরের কোনো অংশের গঠন বাস্তবসম্মত না হওয়া। ছবির পেছনের দৃশ্যেও এমন ভুল থাকতে পারে। তাই শুধু মূল ব্যক্তির দিকে না তাকিয়ে ছবির প্রতিটি অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
২. আলো ও ছায়ার সামঞ্জস্য দেখুন
বাস্তব ছবিতে সাধারণত আলোর উৎস অনুযায়ী মানুষের শরীর, পোশাক ও আশপাশের বস্তুর ওপর ছায়া পড়ে। কিন্তু এআইয়ের তৈরি ছবিতে অনেক সময় আলো ও ছায়ার মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। যেমন, মুখে এক দিক থেকে আলো পড়লেও পেছনের বস্তুর ছায়া অন্যদিকে থাকতে পারে। আবার কোনো বস্তুর ছায়া একেবারেই অনুপস্থিত থাকতে পারে।
৩. লেখা ও প্রতীকের দিকে নজর দিন
ছবির মধ্যে থাকা সাইনবোর্ড, পোস্টার, দোকানের নাম, পোশাকের লোগো কিংবা বইয়ের লেখাগুলো ভালোভাবে দেখুন। এআই অনেক সময় অক্ষর ও শব্দ সঠিকভাবে তৈরি করতে পারে না। ফলে পরিচিত কোনো শব্দের বানান ভুল, অদ্ভুত অক্ষর কিংবা অর্থহীন লেখা দেখা যেতে পারে। যদিও আধুনিক এআই মডেলগুলো এ ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে।
৪. ছবির পটভূমি পরীক্ষা করুন
ছবির মূল বিষয়বস্তুর পাশাপাশি পেছনের পরিবেশও গুরুত্বপূর্ণ। মানুষের পেছনে থাকা ভবন, জানালা, গাড়ি, গাছ কিংবা আসবাবের গঠন অস্বাভাবিক কি না দেখুন। কোনো বস্তু অর্ধেক তৈরি, একটির সঙ্গে অন্যটি অস্বাভাবিকভাবে মিশে যাওয়া কিংবা একই ধরনের বস্তু বারবার দেখা গেলে সন্দেহ হতে পারে।
৫. ছবির উৎস যাচাই করুন
ছবিটি কোথা থেকে এসেছে, কে প্রথম প্রকাশ করেছে এবং কোন প্রেক্ষাপটে প্রকাশ করা হয়েছে, তা খুঁজে দেখুন। অজানা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে পাওয়া ছবি সরাসরি বিশ্বাস না করে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্র যাচাই করুন। ছবিটি আগে কোথাও প্রকাশিত হয়েছিল কি না, তা জানতে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করতে পারেন।
৬. রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করুন
ছবির সত্যতা যাচাইয়ের সহজ একটি পদ্ধতি হলো রিভার্স ইমেজ সার্চ। এর মাধ্যমে একই ছবি আগে কোথায় প্রকাশিত হয়েছে, সেটি খুঁজে পাওয়া যায়।
এ জন্য ব্যবহার করতে পারেন—
Google Lens: ছবিটি আপলোড বা নির্বাচন করে একই কিংবা কাছাকাছি ছবির উৎস খুঁজুন।
TinEye: ছবিটির পুরোনো সংস্করণ ও বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশের তথ্য খুঁজে দেখুন।
Yandex Images: ছবির অনুরূপ সংস্করণ ও সম্ভাব্য উৎস শনাক্ত করতে সহায়তা করে।
৭. এআই শনাক্তকরণ টুলের সাহায্য নিন
কিছু অনলাইন টুল ছবি বিশ্লেষণ করে সেটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। যেমন—
Hive Moderation: এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্ত করার সুবিধা রয়েছে।
AI or Not: ছবি বিশ্লেষণ করে সেটি এআই দিয়ে তৈরি কি না, সে বিষয়ে ধারণা দেয়।
Sightengine: ছবি ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট বিশ্লেষণে ব্যবহার করা যায়।
তবে মনে রাখতে হবে, এসব টুলের ফলাফল শতভাগ নির্ভুল নয়। বাস্তব ছবি এআই দিয়ে সম্পাদনা করা হলে কিংবা নতুন প্রযুক্তিতে তৈরি হলে শনাক্তকরণে ভুল হতে পারে।
৮. ছবির মেটাডেটা পরীক্ষা করুন
ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিতে অনেক সময় EXIF নামে কিছু তথ্য সংরক্ষিত থাকে। এতে ক্যামেরার মডেল, ছবি তোলার সময়, তারিখ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য থাকতে পারে। অনলাইনে পাওয়া ছবির মেটাডেটা পরীক্ষা করলে ছবিটির উৎস সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের সময় অনেক ক্ষেত্রে এসব তথ্য মুছে যায়। তাই মেটাডেটা না থাকলেই ছবিটি এআই দিয়ে তৈরি, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না।
৯. কনটেন্ট ক্রেডেনশিয়াল যাচাই করুন
কিছু ছবি তৈরির বা সম্পাদনার সময় C2PA কিংবা Content Credentials-এর মতো প্রযুক্তির মাধ্যমে ছবির উৎস ও সম্পাদনার ইতিহাস সংরক্ষণ করা হয়। এসব তথ্য পাওয়া গেলে ছবিটি কীভাবে তৈরি বা পরিবর্তন করা হয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে সব ছবিতে এই সুবিধা থাকে না।
ছবি যাচাইয়ে সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম ছবি শনাক্ত করাও কঠিন হয়ে উঠছে। শুধু ছবির একটি অস্বাভাবিক অংশ দেখে সেটিকে ভুয়া বলা ঠিক নয়। আবার কোনো ছবি দেখতে বাস্তব মনে হলেই সেটিকে সত্য বলে ধরে নেওয়াও উচিত নয়।
বিশেষ করে সংবাদ বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার ছবি প্রকাশ কিংবা শেয়ার করার আগে ছবির উৎস, প্রেক্ষাপট ও নির্ভরযোগ্যতা যাচাই করা জরুরি। প্রয়োজনে একাধিক পদ্ধতি ব্যবহার করুন। কারণ ডিজিটাল যুগে একটি ভুল ছবি যেমন বিভ্রান্তি ছড়াতে পারে, তেমনি যাচাই না করে সেটি শেয়ার করাও ভুল তথ্য প্রচারের কারণ হতে পারে।



