১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিবিধ

শুধু মানুষ নয়, ভিডিও গেম খেলতে পারে যেসব প্রাণী!

IMG-20261113-WA0022

ভিডিও গেম খেলাকে সাধারণত মানুষের বিনোদনের মাধ্যম হিসেবেই দেখা হয়। কিন্তু প্রাণিজগতের কিছু সদস্যও যে কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় গেম খেলতে পারে, তা হয়তো অনেকেরই অজানা। গবেষণায় দেখা গেছে, সি লায়ন, ডলফিন, শিম্পাঞ্জি, ওরাংওটাং এমনকি বিড়ালও বিশেষভাবে তৈরি ভিডিও গেমে অংশ নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পারদর্শিতা অবাক করার মতো।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি গবেষণায় কয়েকটি সি লায়নকে কম্পিউটারের পর্দায় কার্সর নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়। নাক দিয়ে চারটি বোতাম চেপে তারা কার্সরকে ওপর-নিচ ও ডানে-বাঁয়ে সরাতে পারে। এভাবে পর্দায় তৈরি গোলকধাঁধার সঠিক পথ খুঁজে বের করাই তাদের কাজ। প্রতিটি ধাপ সফলভাবে শেষ করার পর পুরস্কার হিসেবে দেওয়া হয় মাছ। সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া বিভিন্ন বস্তু খুঁজে বের করার কাজেও এসব প্রাণীকে ব্যবহার করে মার্কিন নৌবাহিনী।

সি লায়নের পাশাপাশি ডলফিনের মধ্যেও ভিডিও গেম খেলার সক্ষমতা দেখা গেছে। মার্কিন নৌবাহিনীর বোতলনাক ডলফিনদের মুখ দিয়ে জয়স্টিক পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব পরীক্ষার মূল উদ্দেশ্য প্রাণীদের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া।

স্থলচর প্রাণীদের মধ্যেও গেম খেলার নজির রয়েছে। শিম্পাঞ্জি ও ওরাংওটাং কম্পিউটারের পর্দায় খাবার খুঁজে বের করার খেলায় অংশ নিয়েছে। স্কটল্যান্ডের এডিনবরা এবং জার্মানির লাইপজিগের দুটি চিড়িয়াখানায় পরিচালিত পরীক্ষায় পর্দার বিভিন্ন স্থানে আপেল, আঙুর ও কলার ছবি দেখানো হয়। প্রাণীরা সঠিকভাবে ফলের অবস্থান শনাক্ত করতে পারলে পুরস্কার হিসেবে তাদের আসল ফল দেওয়া হতো। পরীক্ষায় দেখা যায়, খাবার খোঁজার সময় তারা গাছের মতো পরিচিত দৃশ্য বা বস্তু চিনে পথ নির্ধারণ করতে পারে।

শিম্পাঞ্জিদের গোলকধাঁধা সমাধানের ক্ষমতাও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, কম্পিউটারের পর্দায় গোলকধাঁধা পার হওয়ার ক্ষেত্রে তাদের দক্ষতা ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের সঙ্গে তুলনীয়।

এদিকে বিড়ালের জন্যও তৈরি হয়েছে বিশেষ ট্যাবলেট গেম। এসব গেমে পর্দার ওপর ইঁদুর বা মাছের ছবি ছোটাছুটি করে। বিড়াল থাবা দিয়ে সেগুলো ধরার চেষ্টা করে। এর মাধ্যমে তাদের স্বাভাবিক শিকার করার প্রবণতাকে খেলার মধ্যে যুক্ত করা হয়েছে।

Advertisements

প্রাণীদের নিয়ে এসব পরীক্ষা শুধু বিনোদনের বিষয় নয়; বরং তাদের চিন্তাশক্তি, স্মৃতিশক্তি, শেখার পদ্ধতি এবং পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। গবেষণাগুলো ইঙ্গিত দেয়, বুদ্ধিমত্তা ও সমস্যা সমাধানের দক্ষতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রাণীদের মানসিক সক্ষমতা সম্পর্কে জানার এখনও অনেক কিছু বাকি।

Advertisements