১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিনোদন

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

OIP (1)

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ। এ বছর ১০টি দেশের এসব চলচ্চিত্র বিভিন্ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’। বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে এই প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।

উৎসব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ‘সুবর্ণ চকোরম’ পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে ২০ লাখ ভারতীয় রুপি। পুরস্কারের অর্থ প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য চার লাখ, শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জন্য তিন লাখ এবং দর্শকপ্রিয় সেরা চলচ্চিত্রের পরিচালকের জন্য দুই লাখ ভারতীয় রুপির পুরস্কার রাখা হয়েছে।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর সঙ্গে অংশ নিচ্ছে ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’। এ ছাড়া রয়েছে ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্ল্যাম্বার’। বিভিন্ন দেশের আরও বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র এবারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনদর্শনে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

চলচ্চিত্রটিতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

Advertisements

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর অংশগ্রহণকে দেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য অর্জন বলে মনে করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তাঁর মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এটি সিনেমাটির শৈল্পিক প্রচেষ্টারও স্বীকৃতি।

নির্মাতা বলেন, “আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর অংশগ্রহণ দেশের চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। প্রচলিত জীবনীনির্ভর চলচ্চিত্র কিংবা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে ‘বনলতা সেন’ নির্মাণ করেছি ব্যক্তিগত, কাব্যিক ও নিরীক্ষাধর্মী দৃশ্যভাষায়। বার্লিন ও টরন্টোর মতো আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তি নির্মাতার কাজের সঙ্গে প্রতিযোগিতার সুযোগকে চলচ্চিত্রটির শৈল্পিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছি।”

উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা তালিকায় বাংলাদেশের ‘বনলতা সেন’ ছাড়াও রয়েছে ভারতের চারটি চলচ্চিত্র—‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেলভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, চীন, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উরুগুয়ের চলচ্চিত্র।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ‘বনলতা সেন’। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শিল্পভাবনা ও নির্মাণশৈলী তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

Advertisements