১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

কয়েক দশকের সংসার ভেঙে যাচ্ছে শেষ বয়সে—জাপানে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’

কয়েক দশকের সংসার ভেঙে যাচ্ছে শেষ বয়সে—জাপানে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’

আয়ুমি এখন একা থাকেন। কাওয়াসাকি শহরের বড় বাড়িতে এখন সঙ্গী বলতে আছে দুটি পোষা বিড়াল। অথচ একসময় মানুষের কোলাহলে ভরা থাকতো বাড়িটি। দুই মেয়েকে বড় করার স্বপ্ন নিয়ে বাড়িটি কিনেছিলেন তিনি ও তার স্বামী। মেয়েরা বড় হয়েছে, বিয়ে করে অন্যত্র চলে গেছে। এরই মধ্যে দুই দশকের বেশি সময়ের দাম্পত্যেও ভাঙন ধরেছে।

প্রায় এক বছর আগে স্বামী বাড়ি ছেড়ে চলে গেছেন। দুজন এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ৬২ বছর বয়সী আয়ুমি কখনো ভাবেননি জীবনের এই পর্যায়ে এসে তাকে এমন সিদ্ধান্ত নিতে হবে।

আয়ুমির মতো জাপানের অনেক দম্পতিই দীর্ঘদিন সংসার করার পর জীবনের শেষভাগে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন। এমন বিচ্ছেদকে বলা হয় ‘সিলভার ডিভোর্স’।

কেন বাড়ছে ‘সিলভার ডিভোর্স’?
‘সিলভার ডিভোর্স’ বলতে সাধারণত ২০ বছর বা তার বেশি সময় ধরে বিবাহিত থাকার পর জীবনের শেষভাগে এসে স্বামী-স্ত্রীর বিচ্ছেদকে বোঝানো হয়। নামের মধ্যেও যেন বয়সের ইঙ্গিত আছে অর্থাৎ জীবনের যে সময়ে চুলে রুপালি ছাপ পড়ে, সেই সময়ের বিচ্ছেদ।

জাপানে মোট বিবাহবিচ্ছেদের সংখ্যা কমলেও দীর্ঘদিনের বিবাহিত দম্পতিদের বিচ্ছেদের হার বাড়ছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২০ বছর বা তার বেশি সময় ধরে বিবাহিত দম্পতিদের বিচ্ছেদ মোট বিবাহবিচ্ছেদের ২৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। আগের বছরের তুলনায় এটি বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ পয়েন্ট। একই সময়ে জাপানে মোট বিবাহবিচ্ছেদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭৩টি।

এর অন্যতম কারণ সন্তানদের বড় হয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া। জাপানের অনেক পরিবারে বছরের পর বছর সন্তানরাই থাকে সংসারের কেন্দ্রবিন্দুতে। তাদের পড়াশোনা, স্কুল, বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত থাকেন বাবা-মা।

Advertisements

এই ব্যস্ততায় নিজেদের সম্পর্কের দিকে নজর দেওয়ার সময় পান না তারা। স্বামী হয়তো কাজ নিয়ে ব্যস্ত, স্ত্রী সন্তান ও সংসার সামলাতে ব্যস্ত। দুজনের কথা হয় ঠিকই, কিন্তু সেই কথার বেশির ভাগই সন্তান কিংবা সংসারের প্রয়োজনীয় বিষয় নিয়ে। নিজেদের পছন্দ-অপছন্দ, অনুভূতি কিংবা সম্পর্ক নিয়ে কথা বলার সুযোগ কমে যায়।

এভাবেই কেটে যায় বছরের পর বছর। একসময় সন্তানরা বড় হয়ে নিজেদের জীবন শুরু করে। বাড়ি ছেড়ে চলে যায়। বাবা-মাও তখন বয়সের শেষভাগে। এবার যখন স্বামী-স্ত্রী নিজেদের সম্পর্কের দিকে তাকানোর সুযোগ পান, তখন বুঝতে পারেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

ইয়ামানাশি গাকুইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক সুমিয়ে কাওয়াকামির মতে, সন্তানদের বড় করতে গিয়ে অনেক দম্পতি বছরের পর বছর একে অপরের থেকে দূরে সরে যান। সন্তানরা চলে যাওয়ার পর সেই দূরত্বটাই স্পষ্ট হয়ে ওঠে।

টোকিওভিত্তিক কাউন্সেলিং সেবা প্রতিষ্ঠান টিইএলএল-এর ক্লিনিক্যাল পরিচালক বিল ক্লিয়ারি বয়স্ক দম্পতিদের নিয়ে কাজ করেন। তার মতে, সন্তানরা বাড়ি ছেড়ে যাওয়ার পর অনেক দম্পতি হঠাৎ বুঝতে পারেন, এতদিন তাদের জীবনের বড় অংশজুড়ে ছিল সন্তান। এখন দুজনকে আবার নিজেদের সম্পর্কের মুখোমুখি হতে হচ্ছে।

অর্থাৎ অনেক সময় বিচ্ছেদটা সন্তানরা চলে যাওয়ার কারণে হয় না; বরং সন্তানদের চলে যাওয়ার পর এতদিনের লুকিয়ে থাকা সমস্যাগুলো আর আড়ালে থাকে না।

জাপানের কর্মসংস্কৃতিও দায়ী
জাপানের কর্মসংস্কৃতিও স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরিতে ভূমিকা রাখছে। দেশটিতে তানশিন ফুনিন নামে একটি ব্যবস্থা রয়েছে। এর আওতায় চাকরির প্রয়োজনে কোনো কর্মীকে দীর্ঘ সময়ের জন্য অন্য শহর কিংবা বিদেশে বদলি করা হয়।

বিবাহিত পুরুষদের এমন বদলি হলে অনেক সময় স্ত্রী ও সন্তানরা আগের বাড়িতেই থেকে যান। কারণ সন্তানদের স্কুল পরিবর্তন করা কিংবা পুরো পরিবারকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ নয়।

ফলে একই পরিবারের সদস্য হলেও স্বামী-স্ত্রীকে আলাদা থাকতে হয়। স্বামী থাকেন কর্মস্থলের শহরে, আর স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন বাড়িতে। দেখা-সাক্ষাৎও কমে যায়। কারও ক্ষেত্রে কয়েক বছর, আবার কারও ক্ষেত্রে আরও দীর্ঘ সময় এভাবে কাটে।

২০০৭ সালের পেনশন সংস্কারও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংস্কারের ফলে বিবাহবিচ্ছেদের পর একজন নারী তার স্বামীর কর্মজীবনে জমা হওয়া এমপ্লয়িজ পেনশন ইনস্যুরেন্সের অবদানের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়ার সুযোগ পান। ফলে বিচ্ছেদের পর আর্থিক নিরাপত্তা নিয়ে আগের তুলনায় কিছুটা নিশ্চিন্ত হতে পারেন নারীরা।

লেখক কাওয়াকামি এমন এক বন্ধুর কথা বলেছেন, যিনি পরিবারের জন্য বাড়ি কিনলেও নিজে সেখানে থাকতেন না। স্ত্রী ও সন্তানরা থাকতেন সেই বাড়িতে। আর তিনি সুযোগ পেলেই বাড়ি যেতেন। তার ভাষায়, এভাবে বছরের পর বছর কাটানোর পর অবসরের বয়সে এসে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই আর আগের মতো থাকে না।

এই দূরত্ব আরও বাড়িয়ে দেয় জাপানের কঠোর কর্মসংস্কৃতি। দীর্ঘ কর্মঘণ্টা, অফিসের চাপ এবং কাজের ব্যস্ততায় অনেক পুরুষ পরিবারের জন্য সময় দিতে পারেন না। ফলে ধীরে ধীরে দাম্পত্য সম্পর্কও শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও পুরুষের পেনশনও অন্যতম কারণ
সিলভার ডিভোর্স বাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ নারীদের আর্থিক স্বাধীনতা। আগের প্রজন্মের অনেক নারী সংসার ও সন্তান পালনের ওপর নির্ভরশীল ছিলেন। নিজের আয় না থাকায় অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে আসা তাঁদের জন্য কঠিন ছিল।

কিন্তু বর্তমানে জাপানে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে। নিজের আয় ও সঞ্চয় থাকায় অনেক নারী এখন জীবনের শেষভাগেও নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারছেন।

২০০৭ সালের পেনশন সংস্কারও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংস্কারের ফলে বিবাহবিচ্ছেদের পর একজন নারী তার স্বামীর কর্মজীবনে জমা হওয়া এমপ্লয়িজ পেনশন ইনস্যুরেন্সের অবদানের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়ার সুযোগ পান। ফলে বিচ্ছেদের পর আর্থিক নিরাপত্তা নিয়ে আগের তুলনায় কিছুটা নিশ্চিন্ত হতে পারেন নারীরা।

তবে অর্থনৈতিক স্বাধীনতা থাকলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের ভয়, সামাজিক চাপ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কাজ করে।

এ ছাড়া দাম্পত্য সমস্যা কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে এখনো অনেকের মধ্যে সংকোচ রয়েছে। এ কারণে অনেকেই সময়মতো সাহায্য নেন না। ছোট ছোট সমস্যা বছরের পর বছর জমতে থাকে। একসময় সেই সমস্যাগুলো এতটাই বড় হয়ে ওঠে যে বিচ্ছেদকেই একমাত্র সমাধান বলে মনে হয়।

সাউথ চায়না মর্নিং পোস্ট অবলম্বনে

Advertisements