চাঁদে বসবাসের জন্য নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা

চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও সেখানে মানুষের বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিত নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ, বসবাস ও গবেষণার কাজে যুক্ত হবেন। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলে মানব অভিযান পরিচালনার ক্ষেত্রেও ভূমিকা রাখবেন তারা।
গত শনিবার (৭ নভেম্বর) এ নিয়োগের ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তিনি বলেন, নতুন নভোচারীদের কেউ চাঁদে হাঁটার সুযোগ পাবেন, আবার কেউ সেখানে নির্মিত ঘাঁটিতে বসবাস ও কাজ করবেন। একইসঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর প্রস্তুতিতেও তারা অবদান রাখবেন।
নাসার নতুন এই নিয়োগ কার্যক্রম সংস্থাটির আর্টেমিস কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি। নাসার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালে নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নাসার তথ্য অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাইলট হিসেবে প্রশিক্ষণের অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য দক্ষতাও থাকতে হবে প্রার্থীদের।
নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নভোচারীদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে।
এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নাসা। সে সময় ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়।



