রাগ নিয়ন্ত্রণে মহানবী (সা.)-এর ৫ পরামর্শ

হতাশা, মানসিক চাপ, অসহায়ত্ব কিংবা অন্যের আচরণে অনেক সময় মানুষ রেগে যায়। রাগের বশে কেউ চিৎকার করেন, কেউ অপমানজনক কথা বলেন, আবার কেউ শারীরিকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন। অথচ রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখাই প্রকৃত শক্তির পরিচয়। এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ।
সহিহ বুখারিতে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
পবিত্র কোরআনেও রাগ সংবরণকারীদের প্রশংসা করা হয়েছে। সুরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা রাগ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।
রাগ নিয়ন্ত্রণে মহানবী (সা.)-এর পাঁচ পরামর্শ
১. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
রাগের সময় শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। সহিহ বুখারিতে বর্ণিত হাদিসে এসেছে, দুই ব্যক্তি পরস্পরকে গালিগালাজ করছিলেন। তাঁদের একজন রাগে উত্তেজিত হয়ে পড়লে মহানবী (সা.) বলেন, তিনি যদি ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই) বলেন, তাহলে তাঁর রাগ দূর হয়ে যাবে।
২. শারীরিক অবস্থান পরিবর্তন করা
রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়ার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। এতে রাগ কমে গেলে ভালো, অন্যথায় শুয়ে পড়তে বলেছেন তিনি। সুনানে আবু দাউদে এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। শারীরিক অবস্থান পরিবর্তনের মাধ্যমে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হয়।
৩. অজু করা
রাগ প্রশমিত করতে অজু করার কথাও হাদিসে এসেছে। সুনানে আবু দাউদে বর্ণিত একটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, রাগ আগুন থেকে সৃষ্টি হয়েছে। তাই কারও রাগ হলে সে যেন অজু করে নেয়। পানি যেমন আগুন নেভায়, তেমনি অজুর মাধ্যমে রাগের উত্তাপ প্রশমিত করার শিক্ষা দেওয়া হয়েছে।
৪. নীরব থাকা
রাগের মুহূর্তে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। কারণ, উত্তেজিত অবস্থায় মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যা পরে অনুশোচনার কারণ হয়। কটু কথা ও অপমানজনক মন্তব্য অন্যের মনে দীর্ঘস্থায়ী কষ্ট তৈরি করতে পারে। তাই রাগের সময় নীরব থাকা আত্মসংযমের গুরুত্বপূর্ণ উপায়।
৫. রোজা রেখে আত্মসংযম করা
রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং নিজের আচরণ ও আবেগ নিয়ন্ত্রণেরও শিক্ষা দেয়। মহানবী (সা.) বলেছেন, রোজা অবস্থায় কেউ যদি কাউকে গালিগালাজ করে বা তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে রোজাদার যেন বলে, ‘আমি রোজাদার।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
ক্ষুধা, ক্লান্তি কিংবা মানসিক অস্থিরতার মধ্যেও নিজেকে সংযত রাখার শিক্ষা দেয় রোজা। তাই রাগ নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির ক্ষেত্রেও রোজার গুরুত্ব রয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট



