আমাদের বাড়িতে গৌরির নিয়মেই সব চলে : শাহরুখ খান

বাড়িতে স্ত্রী গৌরি খানের নিয়মই শেষ কথা— এমন মজার মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে ওয়াইফাই কিংবা বিছানায় বসে খাওয়া, সবকিছুতেই গৌরির নিয়ম মানতে হয় তাকে।
সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে কথোপকথনে ঘরের এসব গল্প শোনান অভিনেতা।
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ ও গৌরি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর। প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন গৌরি খান।
অনুষ্ঠানে করণ শাহরুখের কাছে জানতে চান, নিজের বাড়িতে এমন কী আছে, যা তিনি করতে পারেন না? উত্তরে শাহরুখ মজা করে বলেন, বাড়িতে ঢোকার পর তার কিংবা সন্তান আরিয়ান ও সুহানার কারো কোনো কথা চলে না। নিজের বাড়িতেই তিনি কিছু করতে পারেন না।
বিছানায় বসে খাওয়াও নিষেধ। বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কোনো মন্তব্য করা যায় না। সবাইকে চুপচাপ বসে বাড়ির প্রশংসা করতে হয়। বলতে হয়, ‘গৌরি, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
শাহরুখ আরো বলেন, দুবাইয়ের এই পেন্টহাউসে এসেও তাকে একই কথা বলতে হবে—‘গৌরি, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ!’ তবে বাড়ির বাইরে তিনি, আরিয়ান ও সুহানা নিজেদের মতো আনন্দ করতে পারেন। কিন্তু বাড়ির ভেতরে তাদের কিছু করার সুযোগ নেই।
কথোপকথনের একপর্যায়ে করণ জোহর মজা করে জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান শাহরুখ? জবাবে অভিনেতা নিজের আসন্ন সিনেমা কিং-এর সংলাপের প্রসঙ্গ টেনে বলেন, করণ তার সিনেমার একটি সংলাপ ভুলে গেছেন। এরপর মাইক্রোফোনে জোরালো কণ্ঠে বলেন, ‘হাজার দেশে বদনাম হলেও পৃথিবী তাকে এক নামেই চেনে, কারণ তিনি ভয় নন, তিনিই আতঙ্ক।’
অনুষ্ঠানে শুধু ঘরের গল্প নয়, ভক্তদেরও আনন্দ দিয়েছেন শাহরুখ। মঞ্চে করণ জোহর তাকে ‘কিং খান’ বলে পরিচয় করিয়ে দিলে করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে নিজের আসন্ন সিনেমা কিং-এর গান ‘তু মিল যায়ে’র তালে নাচেন তিনি। এ ছাড়া নিজের জনপ্রিয় সংলাপ বলেন এবং পরিচিত দুই হাত প্রসারিত করার ভঙ্গিতে পোজ দেন।
আবাসন প্রকল্পটির এক অংশীদারের সঙ্গে কথোপকথনের সময়ও রসিকতা করেন শাহরুখ। মাইক্রোফোন চাইলে সেটি এগিয়ে দিয়ে বলেন, ‘আপনারা বাড়ি তৈরি করতে থাকুন, মাইক্রোফোন আমরা দিতে থাকব।’
দুবাই মেরিটাইম সিটিতে অবস্থিত ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পটির পেন্টহাউসের নকশা করেছেন গৌরি। এদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ দেখা যাবে শাহরুখকে। এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



